প্রধান শিক্ষককে পেটালেন আওয়ামী লীগের নেতা
নাটোরের বাগাতিপাড়ায় এক প্রধান শিক্ষককে পেটালেন স্থানীয় আওয়ামী লীগের এক নেতা। আহত শিক্ষক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে আছেন। গত সোমবারের ওই ঘটনায় প্রধান শিক্ষক মমতা পারভীন থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।বাগাতিপাড়া থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার হাটদৈল বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ে সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভা চলছিল। এতে সভাপতিত্ব করেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান। তিনি ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। সভা চলাকালে হাবিবুর প্রধান শিক্ষককে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বলেন। মমতা পারভীন স্বাক্ষর না করে পদত্যাগপত্র ছিঁড়ে ফেলেন। এতে সভাপতি হাবিবুর ক্ষুব্ধ হন। পরে তিনি ছোট ভাই হাসান আলীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের অফিসকক্ষে ঢুকে প্রধান শিক্ষককে মারপিট করেন। বিকেলে আহত শিক্ষককে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।প্রধান শিক্ষক মমতা পারভীন বলেন, ‘সভাপতি ও তাঁর ভাই হাসান আমাকে এলোপাথাড়ি লাথি ও কিল-ঘুষি মারেন।’ এ ঘটনায় তিনি সভাপতিসহ পাঁচজনের নামে বাগাতিপাড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি জানিয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কেন পদত্যাগ করতে বলেছিলেন—এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক বলেন, ‘তাঁর (আওয়ামী লীগের নেতা) কথামতো না চলায় পদত্যাগ করতে বলেছিলেন।’ঘটনার সময় প্রধান শিক্ষকের পাশের কামরায় ছিলেন এক শিক্ষক। মমতা পারভীনকে মারধর করার বিষয়টি তিনি নিজে দেখেছেন। কিন্তু তিনি নিজে লাঞ্ছিত হতে পারেন এই আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। অভিযুক্ত আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়ার চেষ্টার কথা স্বীকার করলেও মারপিটের কথা অস্বীকার করেছেন।বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। গত বছর একই উপজেলার জামনগর ইউনিয়ন আওয়ামী লীগের আরেক নেতা আবদুল কুদ্দুস নামে অপর এক প্রধান শিক্ষককে বিদ্যালয় চলা অবস্থায় মারপিট করেছিলেন।