প্রধান শিক্ষককে পেটালেন পরিচালনা কমিটির সদস্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র দেবনাথকে পরিচালনা কমিটির এক সদস্য শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দুপুরের এ ঘটনার পর গতকাল বুধবার আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ নিয়ে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত সদস্য হলেন বিদ্যালয়টির মেয়াদোত্তীর্ণ পরিচালনা কমিটির সদস্য আবদুল নূর চৌধুরী। এ ব্যাপারে সুধাংশু চন্দ্র দেবনাথ অভিযুক্ত আবদুল নূর চৌধুরীকে আসামি করে গতকাল আনোয়ারা থানায় মামলা করেছেন। অভিযোগে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে আবদুল নূর চৌধুরী কৈনপুরা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দপ্তরে যান। এ সময় বিদ্যালয়ের একটি নলকূপের বিষয় নিয়ে কথা শুরু করেন। পরে নানা অজুহাতে গালিগালাজ ও কিল-ঘুষি দিয়ে প্রধান শিক্ষক সুধাংশু দেবনাথকে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে আবদুল নূর প্রধান শিক্ষকের গলা টিপে ধরলে বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা এসে তাঁকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। ঘটনার পর তিনি প্রধান শিক্ষককে আর বিদ্যালয়ে না যাওয়ার হুমকিও দেন। সুধাংশু চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, তাঁকে লাঞ্ছিত করার পর বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন আবদুল নূর। বিদ্যালয়ে গেলে আবদুল নূর তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক।অভিযোগ প্রসঙ্গে আবদুল নূর বলেন, ‘আমি স্কুলে ঢুকে ময়লা-আবর্জনা ও নলকূপ বসানো নিয়ে কথা বলি। এ সময় প্রধান শিক্ষকের সঙ্গে আমার কথা-কাটাকাটি হয়। আমি তাঁকে মারিনি।’আবদুল নূর এখনো পরিচালনা কমিটির সদস্য আছেন কি না, সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমাদের কমিটির মেয়াদ শেষ হলেও পরবর্তী কমিটি না হওয়া পর্যন্ত আমরা দায়িত্ব পালন করব।’এদিকে, এ ঘটনার প্রতিবাদে সভা করেছেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। তাঁরা আবদুল নূরের বিচার দাবি করেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।’