প্রধান শিক্ষককে প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে বিদ্যালয়ের সামনের সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার তারা এই কর্মসূচি পালন করে।

এর আগে গত ২৪ অক্টোবর বিদ্যালয়ের সব শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে প্রধান শিক্ষক কোহিনূর বেগমের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন ও অর্থ আত্মসাতের লিখিত অভিযোগ দেন। পরে প্রধান শিক্ষককে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।

গতকাল বেলা ১১টা থেকে বেলা একটা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে কয়েকজন অভিভাবকও ছিলেন। এ সময় বিদ্যালয়ের ভেতরে অভিযোগের তদন্ত করছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভূইয়া। পরে তিনি শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীরা অভিযোগ করে, প্রধান শিক্ষক তাদের মারধর ও গালিগালাজ করেন। অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ করেন। তারা বিদ্যালয়ে ওই প্রধান শিক্ষককে আর চায় না।

পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হোসেন আহমদ রাসেল বলেন,‘ওই প্রধান শিক্ষক এখানে যোগদানের পর থেকে তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি শিক্ষা অফিস থেকে তদন্ত হচ্ছে।’