প্রধান শিক্ষককে বরখাস্তের সিদ্ধান্ত বাতিল, খুলল তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গত মঙ্গলবার বাতিল করা হয়েছে। এ কারণে বিদ্যালয়ের সব কটি কক্ষে দেওয়া শিক্ষার্থীদের তালা চার দিন পর খোলা হয়। গতকাল বুধবার সকাল থেকে আবার শুরু হয় পাঠদান।
এলাকাবাসী, শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, উচ্চবিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের সঙ্গে শিক্ষক নিয়োগসহ নানা বিষয় নিয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রাজ্জাকসহ কয়েকজন সদস্যের বিরোধ চলে আসছিল। এর জেরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ এনে তাঁকে গত ২৪ ফেব্রুয়ারি সাময়িক বরখাস্ত করে কমিটি। এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। কয়েক শ শিক্ষার্থী গত শনিবার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে জড়ো হয় এবং প্রধান শিক্ষককে বরখাস্তের প্রতিবাদ জানিয়ে বিদ্যালয় লাগোয়া পাশের সড়কে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেয়। সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করা না হলে এসব তালা খোলা হবে না বলে হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। এই প্রেক্ষাপটে মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির সব সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ শতাধিক ব্যক্তির উপস্থিতিতে সভা হয়। সভায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করা হয়। এতে শিক্ষার্থীরা খুশি হয়ে বিদ্যালয়ের তালা খুলে দেয়। গতকাল থেকে যথারীতি পাঠদান শুরু হয়।
জানতে চাইলে প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমাকে অনৈতিকভাবে সমায়িক বরখাস্ত করায় মনে কিছুটা কষ্ট পেয়েছিলাম। এলাকার গণমান্য ব্যক্তিরা উদ্যোগ নেওয়ার কারণেই বিদ্যালয়টির অচলাবস্থা নিরসন হয়েছে।’
সভাপতি আবদুর রাজ্জাক বলেন, ‘বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে আমাদের মধ্যে এখন আর কোনো বিরোধ নেই।’