প্রধান শিক্ষককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া উচ্চবিদ্যালয়ে পছন্দের প্রার্থীকে শিক্ষক নিয়োগ দিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর ও স্কুলে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম অভিযোগ করেন, ‘আমি দীর্ঘদিন ধরে এ দায়িত্ব পালন করছি। সম্প্রতি নওপাড়া ইউপি সদস্য মাহবুবুর রহমান তাঁর দুই চাচাতো বোনকে শিক্ষক হিসেবে নিয়োগের দাবি জানান। আমি তাতে অপারগতা প্রকাশ করি। এতে মাহবুব ক্ষিপ্ত হয়ে রোববার তাঁর অনুগতদের নিয়ে স্কুলে হামলা চালান। একপর্যায়ে তাঁরা আমাকে শারীরিক নির্যাতন করেন এবং কার্যালয় কক্ষে প্রায় সোয়া দুই ঘণ্টা (সকাল ১০টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত) আটকে রাখেন।’ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে উদ্ধার করতে এগিয়ে এলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ শাহ আলমকে উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত হয়।ইউপি সদস্য মাহবুব বলেন, শাহ আলম জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেছেন। এর পর থেকেই তিনি প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ করছেন। এলাকাবাসী প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব প্রদানসহ তাঁকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ ছেড়ে দিতে বললেও তিনি কারও কথা শুনছেন না। বাধ্য হয়ে এলাকাবাসীর সহায়তায় রোববার তিনি স্কুলে যান শাহ আলমকে তাঁর পদ ছেড়ে দেওয়ার কথা বলতে।গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই স্কুলটিতে দলাদলি চলে আসছে। রোববার আবারও উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে উদ্ধার করে পরিস্থিতি শান্ত করা হয়। তবে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. সামছুল হক শেখ বলেন, ‘ঘটনা যা-ই হোক, আগামী বৃহস্পতিবার উভয়পক্ষের লোকজন ডেকে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’