প্রধান শিক্ষককে মারধর করল ছাত্র
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষা উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাসের সনদ নিতে এসে ওই বিদ্যলয়ের প্রধান শিক্ষককে মারধর করেছে এক ছাত্র। গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র পতনউষা ইউনিয়নের টিলাগড় গ্রামের সুমন মিয়া প্রধান শিক্ষক ফয়েজ আহমেদের কক্ষে প্রবেশ করে অষ্টম শ্রেণী পাসের সনদ দেওয়ার দাবি জানায়। ফয়েজ আহমেদ তাকে লিখিত আবেদন করতে বললে সুমন তা প্রত্যাখ্যান করে তর্কে লিপ্ত হয়। একপর্যায়ে সে ফয়েজ আহমেদকে এলোপাতাড়ি ঘুষি মেরে তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন সুমনকে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে সুমনের সহযোগী ও টিলাগড় গ্রামের শতাধিক লোকজন বিদ্যালয়ে এসে সুমনকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বিদ্যালয়ের ভেতর ইটপাটকেল নিক্ষেপ করে। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। দুপুর ১২টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সুমনকে আটক করে থানায় নিয়ে আসে।প্রধান শিক্ষক মো. ফয়েজ আহমদ বলেন, সুমন বখাটে ছাত্র। এর আগে কয়েকটি ঘটনায় বিদ্যালয়ে তার মুচলেকাও রয়েছে।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রকাশ কান্তি চৌধুরী বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।