প্রধান শিক্ষককে মারধর করেছে সপ্তম শ্রেণীর বহিষ্কৃত ছাত্র!
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির রঞ্জন বড়ালকে মারধর করেছে বিদ্যালয়ের সপ্তম শ্রেণী থেকে বহিষ্কৃত ছাত্র নাদিম মাহমুদ। সে উপজেলার নদমুল্লা এলাকার কামরুজ্জামান নান্নার ছেলে। উত্ত্যক্তের দায়ে তিন মাস আগে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির রঞ্জন বড়াল বলেন, ‘গত মঙ্গলবার আমরা বিদ্যালয়ে সভা করছিলাম। বেলা একটার দিকে নাদিম মাহমুদ বিদ্যালয়ে ঢুকে আমার জামার কলার টেনে ধরে গালিগালাজ করে এবং সাত-আটটি কিল-ঘুষি মারে। এ সময় অন্য শিক্ষকেরা এসে আমাকে রক্ষা করেন। শিক্ষার্থীদের উত্ত্যক্তের দায়ে তাকে তিন মাস আগে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এই ক্ষোভেই হয়তো সে আমাকে মারধর করেছে।’ এ ব্যাপারে জানতে নাদিম মাহমুদের বাবা-মায়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি।’