প্রধান শিক্ষককে মারধর বখাটেদের গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সদর উপজেলার মোমিননগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসকে বখাটেরা মারধর করেছে। বখাটেদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ক্লাস বর্জন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে।স্মারকলিপিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দোষী বখাটেদের গ্রেপ্তার করা না হলে বিদ্যালয়ের পাঠদানসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হবে। পুলিশ ও শিক্ষক সূত্রে জানা গেছে, স্থানীয় পালবাড়ি, খয়েরতলা, কৃষি খামার ও ঘোষপাড়া এলাকার বখাটেরা ছাত্রীদের উত্ত্যক্ত করার জন্য বিদ্যালয়ের আশপাশে ঘোরাঘুরি করে। গত শনিবার কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদী ও টিপু নামের দুই যুবককে আটক করে এবং বিদ্যালয়ের ভেতরে নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে সাময়িক শাস্তি দিয়ে ছেড়ে দেয়। ওই দিন বিকেলে বিদ্যালয়ের কাজ শেষে প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস শহরের পুরাতন কসবা এলাকার বাসায় ফেরার পথে রাশেদ, মেহেদী, টিপুসহ ছয়-সাতজন লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করে। এ ঘটনায় নারায়ণ চন্দ্র কোতোয়ালি থানায় একটি মামলা করেন। প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। সাত শতাধিক শিক্ষার্থীসহ আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। বখাটেরা গ্রেপ্তার না হলে আমাদের পক্ষে স্কুলে যাওয়া সম্ভব হবে না। এ জন্য মঙ্গলবার (আজ) দুপুর ১২টার মধ্যে বখাটেদের গ্রেপ্তার করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।’ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করা হবে।