প্রধান শিক্ষককে মারধর সভাপতির বিরুদ্ধে মামলা
বগুড়ার ধুনট উপজেলায় পেচিবাড়ী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তাঁর ছেলেদের বিরুদ্ধে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগে মামলা হয়েছে। গত শনিবার ধুনট থানায় মামলাটি দায়ের করা হয়।মামলার এজাহার সূত্রে জানা গেছে, পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন এক বছর আগে বিদ্যালয়ের উন্নয়নে নামে তিন লাখ টাকা ডোনেশন নিয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেন। সেই টাকার সামান্য কিছু অংশ দিয়ে একটি কক্ষ নির্মাণ করা হয়। প্রধান শিক্ষক এস এম শাহ আলম বাকি টাকা চাইলে সভাপতি খেপে যান।এ ঘটনার জের ধরে শনিবার বেলা দেড়টায় আবুল হোসেন লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষককে গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাঁর দুই ছেলে শামীম ও শাওন হোসেন প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে তাঁরা তাঁকে (প্রধান শিক্ষক) মারধর করে ২১ হাজার টাকা ছিনিয়ে নেন। শামীম হোসেন দাবি করেন, প্রধান শিক্ষক অন্যান্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে অনেক টাকা আত্মসাৎ করেছেন। এ কারণে সভাপতির হুকুমে প্রধান শিক্ষকের কক্ষ তালা লাগানোর সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে; টাকা নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে তাঁর কক্ষ থেকে উদ্ধার করেছে।