প্রধান শিক্ষককে মারধরের প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের হরিদেব দয়েজ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে (৪৯) মারধরের প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিদ্যালয়ের মাঠে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মানববন্ধনের আগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব ক্লাস বর্জন করে।
শিক্ষার্থীদের মানববন্ধনকে বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যরা সমর্থন জানিয়ে তাঁরাও দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ওই বিদ্যালয় সূত্রে জানা গছে, ইকবাল হোসেন (২৪), আরিফুল ইসলামসহ (২২) কয়েকজন দুর্বৃত্ত ওই বিদ্যালয়ে ঢুকে আইসিটি প্রদর্শক নিয়োগের কথা তুলে স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায়কে গত মঙ্গলবার সকালে কিলঘুষি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করে। আহত প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মঙ্গলবার রাতে প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় একটি মামলা দায়ের করেন।
আরিফুল ও ইকবালের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, টাকা নিয়ে ওই বিদ্যালয়ের আইসিটি প্রদর্শক পদে একজনকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন প্রধান শিক্ষক। কিন্তু তাঁদের ওই অভিযোগ প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় সত্য নয় বলে দাবি করেছেন।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন লালমনিরহাট জেলা সংসদের সভাপতি ও পঞ্চগ্রাম ইউনিয়নের সুবার বাড়ি গ্রামের বাসিন্দা নবীন্দ্রনাথ রায় বলেন, ‘কোনো অজুহাতেই স্কুলের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা গ্রহণযোগ্য হতে পারে না। হামলাকারীরা অপরাধ করেছে, তাদের শাস্তি পেতে হবে।’
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই মামলায় গতকাল আদালত থেকে আসামিরা জামিন নিয়েছেন। মামলার তদন্ত করে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘লালমনিরহাটে প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ, নিয়োগে ঘুষ নেওয়ার দাবি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।