হাতিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের মাইজচরা গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার রোজিনা বেগম (২৮) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর স্বামী পলাতক।
রোজিনা বেগম মাইজচরা গ্রামের মহিউদ্দিনের স্ত্রী। লুবনা বেগম (৫) ও তানজিলা বেগম (৩) নামে তাঁদের দুই মেয়ে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পারিবারিক বিষয় নিয়ে গতকাল দুপুর ১২টার দিকে রোজিনার সঙ্গে তাঁর স্বামী মহিউদ্দিনের ঝগড়া হয়। তখন তাঁদের দুই মেয়ে ঘরের বাইরে খেলা করছিল। কিছুক্ষণ পর মেয়েরা ঘরে এসে মায়ের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে পুলিশকে বিষয়টি জানায়। জাহাজমারা তদন্তকেন্দ্রের পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে হাতিয়া থানায় নিয়ে যায়।
হাতিয়া থানার ওসি গোলাম ফারুক বলেন, স্বামী মহিউদ্দিন রোজিনাকে গলা কেটে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। মহিউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।