হবিগঞ্জ সদর উপজেলার পইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল হককে লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। একই দাবিতে শিক্ষকেরা গতকাল কর্মবিরতি পালন করেন।
পইল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, পইল উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তোফাজ্জল আলম গত রোববার সকালে তাঁর ছাড়পত্র নিতে বিদ্যালয়ে আসেন। এ সময় তাঁর সঙ্গে তিন তরুণ ছিলেন। তোফাজ্জল প্রধান শিক্ষকের কাছে ছাড়পত্র চাইলে তিনি তাঁকে জানান, ছাড়পত্র নিতে হলে তাঁকে আগের বেতন ও ছাড়পত্রের ফি পরিশোধ করতে হবে। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে বচসা হয়। একপর্যায়ে তোফাজ্জল ও তাঁর সহযোগীরা প্রধান শিক্ষককে ধাক্কা দিয়ে লাঞ্ছিত করেন এবং তাঁর কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন।
খবর পেয়ে হবিগঞ্জ থানার পুলিশ ও পইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আরিফ ঘটনাস্থলে যান। এ সময় হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা পইল-শায়েস্তানগর সড়কে মানববন্ধন করে। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা বলে, এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের পুলিশ এখনো গ্রেপ্তার করেনি। অপরাধীরা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। শিক্ষার্থীরা এ ঘটনার কোনো সুরাহা না হলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেবে।
এ বিষয়ে প্রধান শিক্ষক শামছুল হক বলেন, ওই তরুণেরা পরিকল্পিতভাবে স্কুলে এসে তাঁকে লাঞ্ছিত করেছেন। তাঁরা শুধু তাঁকে লাঞ্ছিতই করেননি, কিছু টাকা ছিনিয়ে নিয়ে গেছেন। এ বিষয়ে তিনি হবিগঞ্জ সদর থানায় একটি মামলা করেছেন।