প্রধান শিক্ষককে হত্যার হুমকি যুবলীগ নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেকে স্কুলে ভর্তি করাতে রাজি না হওয়ায় দিনাজপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জিলা স্কুলের প্রধান শিক্ষককে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক শাহিন আকতার বলেন, ‘গত ২০ ডিসেম্বর স্কুলে তৃতীয় শ্রেণীর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৫০ নম্বরের পরীক্ষায় যারা ৪৮ পেয়েছে, তাদের নেওয়া হয়েছে। সাইফুল ইসলামের ছেলে শামিন ইয়াসার ভর্তি পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। এর পরও ছেলেকে ভর্তি করার জন্য সাইফুল ইসলাম আমাকে একাধিকবার অনুরোধ করেন। কিন্তু আমি অবৈধভাবে ভর্তি করাতে অপারগতা প্রকাশ করায় তিনি বুধবার দুপুর ১২টা ও বেলা সোয়া একটার দিকে মুঠোফোনে দুই দফায় আমাকে “গুলি করে হত্যার হুমকি” দেন। নিরাপত্তার অভাব বোধ করায় আমি বিষয়টি জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীকে অবহিত করি। জেলা প্রশাসকের পরামর্শে বুধবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলের ভর্তি পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রধান শিক্ষক আমাকে বলেছেন, ৫০-এর মধ্যে ৪৮ থেকে ওপরে যারা পেয়েছে, তাদের নেওয়া হয়েছে। কিন্তু আমার কাছে তথ্য ছিল যে জেলা প্রশাসনের অনুরোধে ৪৮-এর চেয়ে কম নম্বর পাওয়া ১০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেলে স্কুলে গিয়ে ছেলের ভর্তি পরীক্ষার খাতা দেখানোর দাবি জানাই। কিন্তু প্রধান শিক্ষক আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। একই সঙ্গে কিছু বলার থাকলে জেলা প্রশাসকের কাছে যোগাযোগ করার পরামর্শ দেন।’প্রধান শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে তিনি বলেন, ‘ছেলেকে ভর্তির জন্য প্রধান শিক্ষক আমার কাছে ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। আমি এ ব্যাপারে তাঁর বিরুদ্ধে মামলা করব।’