প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সঙ্গে গতকাল সোমবার বৈঠকের পর আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। তবে সহকারী শিক্ষকেরা তাঁদের ধারাবাহিক আন্দোলন অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
বৈঠকের পর প্রধান শিক্ষক সমিতির একজন নেতা কর্মসূচি স্থগিত রাখার এবং দুই সহকারী শিক্ষক নেতা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত প্রথম আলোকে জানান। বৈঠকে উপস্থিত নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক নেতা প্রথম আলোকে বলেন, মহাপরিচালকের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, কর্মসূচি স্থগিত না করলে সরকার শক্ত অবস্থানে যাবে। আন্দোলনকারী শিক্ষক নেতাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আপাতত প্রাথমিক শিক্ষকদের দাবি পূরণ সম্ভব নয় বলে জানানো হয়েছে।
প্রধান শিক্ষকদের বেতন ও মর্যাদা-সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে কিছুদিন ধরে আন্দোলন করছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। আজ মঙ্গলবার থেকে তাঁদের লাগাতার কর্মবিরতি শুরু হওয়ার কথা ছিল।
সমিতির যুগ্ম আহ্বায়ক ও মুখপাত্র এস এম ছায়িদ উল্লা প্রথম আলোকে বলেন, গতকাল সকালে তাঁরা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সরকারি বাসভবনে মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মন্ত্রী তাঁদের বলেছেন, এটি আন্দোলনের সময় নয়, প্রধান শিক্ষকদের দাবির বিষয়টি বেতনবৈষম্য-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি দেখবে। এ জন্য তাঁরা যেন কর্মসূচি স্থগিত করেন। মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেন তাঁরা। সেখানে মহাপরিচালক বলেছেন, তাঁদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ব্যবস্থা করার চেষ্টা করবেন। তাঁরা যেন কর্মসূচি স্থগিত করেন। পরে সমিতির জরুরি সভায় আজ মঙ্গলবার থেকে সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়।
প্রধান শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনরত সহকারী শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করেন মহাপরিচালক। এ সময় তিনি তাঁদেরও আন্দোলন স্থগিত করার অনুরোধ জানান। তবে তাঁরা আন্দোলন স্থগিত করেননি।
প্রাথমিক সহকারী শিক্ষক ফেডারেশনের নেতা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, পূর্বঘোষণা অনুযায়ী ১৫ অক্টোবর পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।
এই সংগঠনটি ৪ থেকে ৮ অক্টোবর পর্যন্ত সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত চার ঘণ্টা এবং ১০ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে। এ ছাড়া ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশনের কর্মসূচি দিয়েছে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক ঐক্যজোটের নেতা মোহাম্মদ শামছুদ্দীনও বলেন, তাঁদের ধারাবাহিক কর্মসূচি চলবে। তবে তিনি গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন না, তাঁদের প্রতিনিধি ছিলেন।
প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের স্তরের গ্রেড প্রদানসহ কয়েকটি দাবিতে আন্দোলন করছেন সহকারী শিক্ষকেরা।
সারা দেশে ৬৩ হাজার ৮৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষক আছেন প্রায় পৌনে চার লাখ।