প্রধান শিক্ষকসহ চারজন জেলে, পাঠদান ব্যাহত
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে মারধর করার অভিযোগে গত বৃহস্পতিবার থেকে প্রধান শিক্ষকসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। এতে ওই বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।
১৪ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের ভেতরে ও বাইরে নীরবতা। সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ক্লাস চলার কথা। কিন্তু ওই সময়ে অধিকাংশ কক্ষ ফাঁকা ছিল। শিক্ষকদের কক্ষে গিয়ে দেখা যায়, ১৯ জন শিক্ষকের মধ্যে নয়জন উপস্থিত আছেন।
শিক্ষার্থীরা বলে, এক শিক্ষককে মারধর করার পরদিন থেকে ভালো করে ক্লাস হচ্ছে না। তাই অনেকে বিদ্যালয়ে আসছে না।
শিক্ষকেরা বলেন, বিদ্যালয়ে ১ হাজার ১০০ শিক্ষার্থী রয়েছে। কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে শিক্ষকেরা দুই ভাগে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক সঞ্জীবুর। আরেক পক্ষের নেতৃত্বে আছেন প্রধান শিক্ষক মোজাম্মেল হক ও সহকারী প্রধান শিক্ষক খিজির মো. মুরাদ। এর জের ধরে প্রায় দেড় বছর আগে সঞ্জীবুরের বিরুদ্ধে প্রধান শিক্ষক অর্থ আত্মসাতের অভিযোগ আনেন। এর পরিপ্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ২০১৪ সালের ২৩ জুলাই সঞ্জীবুরকে সাময়িক বরখাস্ত করে। পরে জেলা প্রশাসন, জেলা শিক্ষা কার্যালয় ও শিক্ষা বোর্ড ওই অভিযোগের পৃথক তদন্ত করে।
শিক্ষা বোর্ড এ বছরের ১৭ জানুয়ারি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সঞ্জীবুরের বরখাস্ত আদেশ প্রত্যাহার করে। বিদ্যালয় পরিদর্শক এ টি এম মইনুল হোসেন স্বাক্ষরিত চিঠিটি নিয়ে সঞ্জীবুর ২ ফেব্রুয়ারি সকালে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে এসে হামলার শিকার হন। এ ঘটনায় সঞ্জীবুর ৪ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আসাদ মিয়া ও করণিক আমিনুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন। বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তিরা আদালতে হাজির হলে বিচারক তাঁদের কারাগারে পাঠান। শিক্ষকেরা আরও বলেন, শিক্ষকদের দ্বন্দ্ব, হামলা, মামলার ঘটনায় বিদ্যালয়ের পরিবেশ পুরোপুরি অস্থিতিশীল হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) গোলাম মো. ভূঁইয়া মুঠোফোনে বলেন, সমস্যা সমাধানের জন্য পরিচালনা পর্ষদকে তাগিদ দেওয়া হয়েছে। শিগগিরই সবকিছু ঠিক হয়ে যাবে।