প্রধান শিক্ষকসহ পাঁচজন পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের প্রমাণ মিলেছে বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতির বিরুদ্ধে। ওই অভিযোগে ব্যবস্থাপনা পরিষদ ভেঙে দিয়েছে বরিশাল শিক্ষা বোর্ড।
একই সঙ্গে সাময়িক বরখাস্ত করা প্রধান শিক্ষককে তাঁর পদে বহাল করার নির্দেশ দিয়েছেন আদালত। অন্য তিন শিক্ষক ও এক অফিস সহকারী পুনর্বহাল হচ্ছেন স্বপদে।
বরিশাল সদর উপজেলার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন পলাশের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে কমিটি ভেঙে দেয় বরিশাল শিক্ষা বোর্ড। আর বরিশাল প্রথম যুগ্ম জেলা জজ আদালত শিক্ষকদের স্বপদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় এক বছর আগে পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেন তাঁর অনিয়ম-দুর্নীতি ঢাকতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন। এরপর তাঁর অনুগত সহকারী প্রধান শিক্ষক বিপুল কুমার সমাদ্দারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেন। এ সময় তিনি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। তাঁর কাজে বাধা দেওয়ায় তিনি আরও তিন শিক্ষক ও এক অফিস সহকারীকেও বরখাস্ত করেন। এর পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকেরা অনিয়ম-দুর্নীতির বিষয়ে শিক্ষা বোর্ডে অভিযোগ দেন। একই সঙ্গে স্বপদে পুনর্বহালের আদেশ পেতে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে বরিশাল শিক্ষা বোর্ড অনিয়ম-দুর্নীতির তদন্ত করে সত্যতা প্রমাণ পায়। গত ২০ নভেম্বর ওই অভিযোগে বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদ ভেঙে দেয়।
এদিকে প্রধান শিক্ষকের করা মামলায় বরিশালের প্রথম যুগ্ম জেলা জজ আদালত গত ২৩ নভেম্বর ফরিদউদ্দিনকে বেআইনিভাবে বরখাস্ত করা হয়েছে মর্মে আদেশ দেন। একই সঙ্গে আদালত তাঁকে স্বপদে পুনর্বহালের আদেশ দেন। ওই আদেশের কপি গত ১ জানুয়ারি ফরিদ উদ্দিনের হাতে পৌঁছায়। এরপর গত শনিবার তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পুনর্বহাল হন। সাময়িক বরখাস্ত হওয়া অন্যরাও স্বপদে যোগদান করবেন।
পুনর্বহাল হওয়া মো. ফরিদ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ডের তদন্তে ব্যবস্থাপনা পরিষদের সভাপতির বিরুদ্ধে দেওয়া অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণেই কমিটি ভেঙে দেওয়া হয়। সাময়িক বরখাস্ত করার বিরুদ্ধে করা মামলায়ও আদালত বরখাস্ত আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। যার কপি গত বৃহস্পতিবার হাতে পেয়েছি। গত শনিবার আমি বিদ্যালয়ে আমার দায়িত্ব বুঝে নিই। অন্য বরখাস্ত হওয়া শিক্ষকদেরও অবৈধভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের স্বপদে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দু-এক দিনের মধ্যে তাঁরা দায়িত্ব বুঝে নিতে পারবেন।’
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক প্রথম আলোকে বলেন, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতির বিরুদ্ধে করা অভিযোগের সত্যতা পাওয়ার পর কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ নিয়ে গত ২ সেপ্টেম্বর প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।