ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। সম্প্রতি তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের অভিভাবকসহ এলাকাবাসী গত ২৩ এপ্রিল উপজেলা চেয়ারম্যানের কাছে প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের বিরুদ্ধে লিখিত একটি অভিযোগ দেন। অভিযোগে স্বেচ্ছাচারিতা, আর্থিক দুর্নীতি, এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অনিয়ম, শিক্ষক নিয়োগে অনিয়ম, বিদ্যালয়ের আসবাবপত্র ব্যক্তিগত কাজে ব্যবহার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে রশিদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়সহ ২০টি অনিয়মের কথা উল্লেখ করা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেনকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রায় আড়াই মাস পর ১৬ জুলাই কমিটি ইউএনওর কাছে তদন্ত প্রতিবেদন পেশ করে। এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন প্রথম আলোকে বলেন, আর্থিক অনিয়মসহ প্রায় সব কটি অভিযোগই প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।