প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে একটি বিদ্যালয়ে দুই ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে গতকাল সোমবার প্রধান শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করে। শিক্ষকেরা তাদের বুঝিয়ে শান্ত করে ক্লাস শুরু করেন।
শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সূত্র জানায়, ওই শিক্ষকের বিরুদ্ধে গত বছরের শেষের দিকে নবম শ্রেণির দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। পরে বিদ্যালয়ের পরিচালনা কমিটির কাছে অভিভাবক ও এলাকাবাসী লিখিত অভিযোগ করেন। সে সময় ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাঁকে বিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিতে টানা কয়েক দিন বিদ্যালয়ে বিক্ষোভ করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। বিদ্যালয় পরিচালনা কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় এবং পরিস্থিতি শান্ত করতে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। তাঁর স্থায়ী বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে গতকাল মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। বেলা একটার দিকে পরিস্থিতি শান্ত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বলেন, প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া গাজীপুর আদালতে তাঁর বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি মামলা করা হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা বলেন, এ ঘটনায় গত শনিবার শিক্ষা বোর্ডের নির্দেশে ওই বিদ্যালয়ে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্ত চলছে।
গতকাল সোমবার ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এরপর আর ফোন ধরেননি।