এক শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এনে বগুড়া জিলা স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রমজান আলী আকন্দকে অপসারণের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছে। শিক্ষার্থীরা প্রথমে বিদ্যালয়ে এবং পরে বিদ্যালয়ের সামনের রাস্তায় বিক্ষোভ করে। বগুড়ার জেলা প্রশাসক ঘটনাস্থলে গিয়ে শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠক থেকে বেরিয়ে তিনি ঘটনা তদন্তে পৃথক দুটি কমিটি গঠনের ঘোষণা দিলে শিক্ষার্থীরা শান্ত হয়। স্কুলের সহকারী শিক্ষক সেলিমা নাসরিনের ছেলে এবং একই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী আবু নাসের অভিযোগ করে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ করিম তাঁর মায়ের আত্মসম্মান নিয়ে কটু মন্তব্য করেন। সেলিমা নাসরিন বলেন, ‘সহকর্মীর ওই আপত্তিকর মন্তব্যের বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রধান শিক্ষককে জানাই। কিন্তু প্রধান শিক্ষক এ ব্যাপারে ব্যবস্থা না নিয়ে উল্টো আমাকে গালিগালাজ করেন।’ তিনি অভিযোগ করেন, ‘গতকাল বিদ্যালয় শুরুর আগে শারীরিক কসরতে (অ্যাসেম্বলি) উপস্থিত হতে এক মিনিট দেরি হওয়ায় প্রধান শিক্ষক আমাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এ ঘটনার প্রতিবাদে দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্লোগান দেয়। তখন তিনি আমাকে চাকরিচ্যুতির হুমকি দিলে আমিও বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিই।’ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, শিক্ষককে গালি দেওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে তারা প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে রাস্তায় নেমেছে। শিক্ষক মাসুদ করিম বলেন, ‘ওই শিক্ষিকার আত্মসম্মান নিয়ে কোনো মন্তব্য করিনি। তার পরও আমি বিষয়টির জন্য তাঁর কাছে ক্ষমা চেয়েছি।’ প্রধান শিক্ষক রমজান আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, ওই শিক্ষিকা শিক্ষার্থীদের উসকে দিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত কমিটি শিক্ষকদের মধ্যে বিরাজমান বিভেদের কারণ এবং ওই শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের বিষয়টি তদন্ত করবে।