প্রধান শিক্ষকের অপসারণ দাবি
যশোরের কেশবপুরের মাগুরাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীকে অপসারণের দাবি জানিয়েছেন অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা। তাঁর বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগে অভিভাবকেরা গত সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর খুলনার উপপরিচালক বরাবর লিখিত দিয়েছেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে বালিয়াডাঙ্গা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলীকে বদলি করা হয়। তিনি গত সোমবার বিদ্যালয়ে যোগদান করতে যান। এ সময় পরিচালনা পরিষদের সদস্য ও অভিভাবকেরা তাঁকে বিদ্যালয়ে যোগদান করতে নিষেধ করেন। তারপরও তিনি যোগদান করেন। এর প্রতিবাদে সোমবার অভিভাবকেরা বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের বাড়ি ফিরিয়ে নিয়ে যান।
আগামী শনিবার অভিভাবকেরা বিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ করবেন বলে ঘোষণা দিয়েছেন।
গত মঙ্গলবার বিকেলে বিদ্যালয়ে গেলে কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয় চললেও ছাত্রছাত্রী কম ছিল। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য শংকর দাস বলেন, ‘হযরত আলীর বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ রয়েছে বলে তাঁকে আমরা বিদ্যালয়ে চাই না।’
প্রধান শিক্ষক হযরত আলী বলেন, ‘আমার বিরুদ্ধে ছাত্রী নির্যাতনের অভিযোগ সত্য নয়। আমি বালিয়াডাঙ্গা থাকাকালে এ ব্যাপারে কোনো অভিযোগ হয়নি।’