লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এ কারণে বিদ্যালয় থেকে তাঁকে অপসারণের দাবিতে গতকাল বুধবার সকালে ছাত্ররা বিদ্যালয়ের চত্বর ও শহরে বিক্ষোভ মিছিল করেছে।
জেলার ঐতিহ্যবাহী এই বিদ্যালয়ে বর্তমানে ১৬ শতাধিক ছাত্র রয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত চলা এই বিক্ষোভে তিন শতাধিক ছাত্র অংশ নেয়।
প্রধান শিক্ষক হামিদের বিরুদ্ধে অতিরিক্ত সেশন ফি, টিফিন ফি ও কম্পিউটার ফি গ্রহণ করা, গাফিলতির কারণে বিজ্ঞানাগারের জন্য সরকারের বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়া এবং প্রশ্নপত্র প্রণয়নে অতিরিক্ত অর্থ খরচ দেখানোর অভিযোগ রয়েছে।
বেলা তিনটার দিকে মুঠোফোনে জানতে চাইলে এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক হামিদ বলেন, সরকারি পরিপত্র অনুযায়ী সেশন ফিসহ অন্যান্য ফি নির্ধারণ করা হয়েছে।
তিনি এ-ও বলেন, ‘কিছু শিক্ষকের উসকানিতে শিক্ষার্থীদের বিক্ষোভের একপর্যায়ে জেলা ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন অফিসকক্ষে ঢুকে আমাকে বিদ্যালয় থেকে চলে যেতে বলে। পরে আমি বিদ্যালয় ত্যাগ করি।’
ছাত্রলীগের সভাপতি শহীদুল বলেন, ‘আমি ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। শিক্ষক ও শিক্ষার্থীদের আহ্বানে সাড়া দিয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। আমরা প্রধান শিক্ষককে বলেছি, যেহেতু আপনার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে, কাজেই আপনার লালমনিরহাট থেকে চলে যাওয়াই ভালো হবে।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল কুদ্দুস মিয়া বলেন, বিক্ষোভের খবর পেয়ে তিনি বিদ্যালয়ে গিয়ে ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলেন। পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের উপপরিচালক মোস্তাক হাবিবকে অবহিত করেন।