প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে বিক্ষোভ
নীলফামারীর ডিমলা উপজেলার রানী বৃন্দা রানী সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা রহমানের অপসারণ দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে গতকাল সোমবার ক্লাস বর্জন করে এই বিক্ষোভ করে তারা।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা রহমান বলেন, শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এই কর্মসূচি তাঁদের ইন্ধনেই হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মিছিল নিয়ে ডিমলা শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করে। এর আগে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে ১২ দফা দাবিতে স্মারকলিপি দেয়।
স্মারকলিপিতে প্রধান শিক্ষকের অযোগ্যতা, নিয়মিত স্কুলে না আসা, শিক্ষকের ক্লাস মনিটরিং না করা, অ্যাসেমব্লি না হওয়া, নিম্নমানের টিফিন সরবরাহসহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিদ্যালয়ে টয়লেট নেই, শহীদ মিনার নেই, টিউবওয়েল নষ্ট। এমনকি মসজিদের মাইক-ফ্যানও বিক্রি করে দেওয়া হয়েছে। বিদ্যালয়ে একদিনও ব্যবহারিক ক্লাস হয় না। শিক্ষকেরা পাঠদান করছেন কি না, সেটাও তিনি দেখেন না। তিনি নীলফামারী থেকে সপ্তাহে এক-দুই দিন স্কুলে আসেন।
শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, ২৬ মার্চ রাতে স্কুলের প্রায় ২৩ লাখ টাকার লোহালক্কড় গোপনে বিক্রি করা হয়েছে। বিদ্যালয় মসজিদের মুয়াজ্জিন শফিউদ্দিন আহমেঞ্চদ অভিযোগ করেন, ‘প্রধান শিক্ষিকা মসজিদের মাইক ও ফ্যান খুলে নিয়েছেন। ১৭ মাস ধরে আমার বেতনও দিচ্ছেন না।’
ইউএনও আশরাফুজ্জামান বলেন, কিছু অনিয়মের বিষয়ে শিক্ষার্থীরা মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি দিয়েছে।
লোহালক্কড় বিক্রির বিষয়ে দিলরুবা রহমান বলেন, কোটেশনের মাধ্যমে সেগুলো বিক্রি করা হয়েছে। এ বাবদ সরকারি কোষাগারে ২০-২৫ হাজার টাকা জমা করা হয়েছে।