প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুরের কাকিলাখালী সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বরখাস্তের দাবিতে গতকাল মঙ্গলবার সকালে শ্রেণিকক্ষে তালা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রুহুল কুদ্দুস ২০১৩ সালে তৎকালীন সভাপতি কুমারেশ দাসের সহযোগিতায় প্রতিষ্ঠানের শূন্যপদে তিনজন সহকারী শিক্ষককে নিয়োগের নামে সাতজন প্রার্থীর কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ বাবুল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক রুহুল কুদ্দুসকে নিয়ে আমরা বিড়ম্বনায় আছি। বিভিন্ন সময় পাওনাদারদের মুখোমুখি হতে হয়। বর্তমানে শিক্ষার্থীরা তাঁকে আর প্রধান শিক্ষক হিসেবে দেখতে চায় না।’
রুহুল কুদ্দুস ষড়যন্ত্রের শিকার দাবি করে বলেন, নিয়োগ দিয়ে কোনো টাকা নেননি তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র সরকার জানান, ‘তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পরিচালনা কমিটিকে বলেছি।’