কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বালিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল বের করে। একপর্যায়ে একদল সন্ত্রাসী ওই মিছিলে হামলা চালালে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়।আহত শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দশম শ্রেণীর শিক্ষার্থী সফিকুল ইসলাম, জামিল হক, আবুল খায়ের, ঝুমা আক্তার ও অষ্টম শ্রেণীর সোহেল রানাকে করিমগঞ্জ হাসপাতালে এবং নবম শ্রেণীর সুজনকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।এলাকাবাসী ও অন্যান্য সূত্রে জানা গেছে, বালিয়া উচ্চবিদ্যালয়ে নানা অনিয়ম ও নিয়মিত ক্লাস না নেওয়ার প্রতিবাদে এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের অপসারণের দাবি করে আসছে শিক্ষার্থীরা। গতকাল বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী এ দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দিকে রওনা হয়। পথে একদল বহিরাগত সন্ত্রাসী তাদের ওপর হামলা চালায়।অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের অনুগত সন্ত্রাসীরা এ হামলা চালায়।অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, শিক্ষার্থীরা নিজেদের মধ্যেই মারামারি করে আহত হয়েছে।করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।