প্রধান শিক্ষকের আচরণে বদলি চান শিক্ষকেরা!
প্রধান শিক্ষকের নানা অনিয়ম, দুর্নীতি, অসদাচরণসহ ১৯টি অভিযোগ এনে তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন সহকারী শিক্ষক অন্যত্র বদলির আবেদন করেছেন। গত সোমবার তাঁরা উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে এ আবেদন করেন।
শিক্ষক চন্দ্রা রানী জোয়ারদার অভিযোগ করেন, ‘প্রধান শিক্ষক বিদ্যালয়ের মানোন্নয়নে কোনো কাজ করেন না। সহকর্মীদের সঙ্গে তিনি অসহনীয় খারাপ আচরণ করেন।’
সহকারী শিক্ষক শামীম আক্তার বলেন, ‘প্রধান শিক্ষকের অসদাচরণ ও দুর্নীতি এতটাই নিম্নপর্যায়ে গিয়েছে, এই বিদ্যালয়ে শিক্ষকতা করা দুর্বিষহ হয়ে উঠেছে। তাই আমরা অন্যত্র বদলির আবেদন করেছি।’
অবশ্য প্রধান শিক্ষক ফজলুল করিম তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটা একটা ষড়যন্ত্র। কারও দ্বারা প্ররোচিত হয়ে শিক্ষকেরা এমন অভিযোগ এনেছেন। সহকারী শিক্ষকদের প্রতি আমার যথেষ্ট সহানুভূতি আছে।’
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল লতিফ পাঁচ শিক্ষকের আবেদন পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।