প্রধান শিক্ষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার শহরে মানববন্ধন করেন শিক্ষকেরা। ঘটনার পাঁচ দিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের নিরালা মোড়ে শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষকেরা অংশ নেন।মানববন্ধন শেষে বক্তব্য দেন বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমিঞ্চলিত শিক্ষক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আবদুল করিম। গত মঙ্গলবার বিকেলে ছাত্রলীগের কয়েকজন নেতা বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে তিনজন ছাত্রীকে ভর্তি করার জন্য চাপ সৃষ্টি করেন। কিন্তু প্রধান শিক্ষক ভর্তি করতে অপারগতা প্রকাশ করলে তাঁরা ক্ষিপ্ত হয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তাঁকে আহত করেন। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন। পরদিন আহত প্রধান শিক্ষকের মা বাদী হয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান ওরফে সোহেল ও অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। তাঁদের ধরতে একাধিকবার অভিযান চালানো হয়েছে।