প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ, বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষটি এক বছর ধরে তালাবদ্ধ। ফলে প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি পাঁচজন শিক্ষার্থী। সে সঙ্গে বিদ্যালয় পরিচালনা করতে শিক্ষকদের পড়তে হচ্ছে নানা সমস্যায়।
সরেজমিনে দেখা যায়, প্রধান শিক্ষকের কক্ষে বড় বড় দুটি তালা ঝুলছে। সঙ্গে থাকা অফিস সহকারীর কক্ষটিও তালাবদ্ধ। এই কক্ষ দুটির পশ্চিম পাশে শিক্ষকদের কক্ষ। সেখানে কথা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিত সরকারের সঙ্গে।
সুজিত সরকার বলেন, ২০১১ সালের প্রথম দিকে প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ওই বছরের ২৫ জুলাই একটি সভা করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। তদন্ত শেষে কমিটির সদস্যরা চার লাখ ৪৫ হাজার ৯৬১ টাকার দুর্নীতি করা হয়েছে মর্মে একটি প্রতিবেদন জমা দেন। এরপর ব্যবস্থাপনা কমিটি গত বছরের ২৫ সেপ্টেম্বর একটি সভা করে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। চিত্তরঞ্জন পাল গোপনে কিছু কাগজপত্র নিজের কাছে রাখেন। বাকিগুলো অফিসকক্ষে রেখে পরদিন তালা লাগিয়ে চাবি নিয়ে বাড়ি চলে যান। ওই চাবি চেয়ে একাধিকবার চিঠি দিলেও তিনি চিঠি গ্রহণ করেননি।
শিক্ষকেরা অভিযোগ করেন, প্রধান শিক্ষকের কক্ষে সাধারণত সব কাগজপত্র থাকে। সেটি তালাবদ্ধ থাকায় বিদ্যালয় পরিচালনা করতে নানা সমস্যা হচ্ছে। বিদ্যালয়ে ৪০০ শিক্ষার্থী আছে। ইতিমধ্যে টেবুলেশন শিট বের করতে না পারায় পাঁচজন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। অনেক শিক্ষার্থী এসএসসির সনদ নিতে বিদ্যালয়ে আসছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ সনদ দিতে পারছে না। এদিকে পরিচালনার স্বার্থে তাঁরা নতুন কিছু কাগজপত্র তৈরি করে নিয়েছেন। সেগুলো দিয়েই চলছে প্রতিষ্ঠানটি।
এ ব্যাপারে বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কথা বলতে চাননি।
গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি শহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তাঁরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ ছাড়া তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু কোনো সমাধান হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ সরকার বলেন, রাজনৈতিক কারণে বিদ্যালয়টির এই অবস্থা। তালা খোলার চেষ্টা করা হচ্ছে।