প্রধান শিক্ষকের কক্ষে তালা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৪৮ নম্বর মালিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষকের বদলির দাবিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে প্রধান শিক্ষক বলেছেন, একটি প্রভাবশালী মহলের কথামতো তিনি বদলি হয়ে না যাওয়ায় তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার জাতিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ফজলুল হক গতকাল সকাল ১০টার দিকে তাঁর দলবল নিয়ে ওই স্কুলে যান। স্কুলের প্রধান শিক্ষক গায়ত্রী ভৌমিক স্কুলে পৌঁছার আগেই তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন তাঁরা।সাবেক ইউপি সদস্য ফজলুল হক অভিযোগ করে বলেছেন, প্রধান শিক্ষক গায়ত্রী ভৌমিক গত ১০ বছরে সরকারি উন্নয়ন বরাদ্দের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। তিনি অযথা শিক্ষার্থীদের মারধর ও লোকজনের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এসব ব্যাপারে গত জুলাইয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, ‘তাই এলাকাবাসীকে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দিয়েছি। প্রধান শিক্ষকের বদলি না হওয়া পর্যন্ত তালা ঝোলানো থাকবে।’