প্রধান শিক্ষকের কক্ষে তালা দিয়েছেন ব্যবস্থাপনা কমিটির সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা দিয়েছেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। আর প্রধান শিক্ষক বিদ্যালয়ে এসে সেই কার্যালয়ের বাইরে বসে থাকছেন। রাজশাহী আদর্শ উচ্চবিদ্যালয়ে দুই দিন থেকে এই অবস্থা চলছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নান রাজশাহী মহানগরের মতিহার থানা আওয়ামী লীগের সভাপতি।জানা গেছে, গত ৩০ মে প্রধান শিক্ষক আফিজুল হককে বরখাস্ত করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। আফিজুল হক এ ব্যাপারে মামলা করলে ২১ জুলাই আদালত তাঁর পক্ষে রায় দেন। ১ আগস্ট আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর থেকে তিনি বিদ্যালয়ে যাওয়া শুরু করেন। গত মঙ্গলবার তিনি বিদ্যালয়ে গিয়ে তাঁর কার্যালয়ে তালা দেখতে পান।গতকাল বুধবার বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, আফিজুল হক তালাবদ্ধ কার্যালয়ের বাইরে একটি বেঞ্চে বসে রয়েছেন। প্রধান শিক্ষককে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক আবু সাইদ মো. জহুরুল হাসান পাশের একটি কক্ষে বসে আছেন।এ ব্যাপারে জহিরুল হাসান বলেন, ‘মঙ্গলবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভা চলার সময় তাঁরা আদালতের রায়ের কাগজপত্র পেয়েছেন। রায়ের কাগজপত্র আইনজীবীকে দেখানোর পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’প্রধান শিক্ষক আফিজুল হক বলেন, গত ২০ মে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচনের সময় দুই প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়। এ সময় নিয়মানুযায়ী তাৎক্ষণিকভাবে লটারি করার বিধান রয়েছে। কিন্তু ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নান লটারি না করে নির্বাচন স্থগিত করেন। ২৯ মে প্রদত্ত ভোট প্রত্যাহার করার জন্য তাঁকে চাপ দেন সভাপতি। তিনি আপত্তি করলে বিদ্যালয়ের চাবি ও ব্যাগ কেড়ে নিয়ে তাঁকে বের করে দেওয়া হয় এবং পরের দিন কোনো কারণ দর্শানোর বিজ্ঞপ্তি না দিয়েই প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়।প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা দেওয়ার বিষয়টি স্বীকার করে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নান বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তই বড়। প্রধান শিক্ষক কাউকে ‘ম্যানেজ’ করে আদালতের রায় তাঁর পক্ষে নিয়েছেন। প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং ব্যবস্থাপনা কমিটির বৈঠকে যোগ না দেওয়ার অভিযোগও করেন তিনি।