নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সোনারগাঁ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে গত রোববার স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় কর্মীরা তালা লাগিয়ে দিয়েছেন। গতকাল সোমবার আবারও ওই কর্মীরা বিদ্যালয়ে গিয়ে অবস্থান নিলে প্রধান শিক্ষক ভয়ে বিদ্যালয়ে প্রবেশ করেননি। শ্রেণী শিক্ষকেরা এর প্রতিবাদ করায় তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।জানা যায়, গত মার্চে ছয় মাসের জন্য ওই বিদ্যালয়ের পরিচালনা পরিষদের আহ্বায়ক হন উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান। এরপর প্রধান শিক্ষকের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর মতবিরোধের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গত রোববার সকালে কামরুজ্জামানের নেতৃত্বে ১৫-২০ জন বিদ্যালয়ে অবস্থান নিয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন এবং তাঁর কক্ষে তালা লাগিয়ে দেন। তাঁরা গতকালও ওই বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন খবর পেয়ে প্রধান শিক্ষক মতিয়ার রহমান বিদ্যালয়ে যাননি। এদিকে অন্য শিক্ষকেরা এই কর্মকাণ্ডের প্রতিবাদ করলে কামরুজ্জামানের লোকজন কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ পাওয়া গেছে।নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, চাকরিজীবনে এত অপমানিত কখনো হইনি। এদিকে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান গতকাল প্রধান শিক্ষক মতিয়ার রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাঁকে বিদ্যালয় থেকে ‘সাময়িকভাবে বরখাস্ত’ করে সহকারী শিক্ষিকা সাইদুন নাহারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন।কামরুজ্জামান বলেন, প্রধান শিক্ষক খারাপ লোক হওয়ায় তাঁর কক্ষে তালা লাগানো হয় এবং তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রধান শিক্ষক মতিয়ার রহমান বলেন, আহ্বয়াকের অন্যায় আবদার না মানায় বিভিন্ন অজুহাতে এসব ঘটনা ঘটানো হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নায়ার সুলতানা গতকাল রাতে প্রথম আলোকে জানান, বেসরকারি স্কুল-কলেজের পরিচালনা পরিষদের নিয়ম মোতাবেক আহ্বায়ক এভাবে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করতে পারেন না। এ সিদ্ধান্ত সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) সাংসদ আবদুল্লাহ আল কায়সার বলেন, ওই বিদ্যালয়ের ঘটনাটি তদন্তের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।