প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলছে এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার জোতরাঘব উচ্চবিদ্যালয় ও বিএম কলেজের প্রধান শিক্ষকের কার্যালয়ে এক মাস ধরে তালা ঝুলছে। প্রধান শিক্ষক-বিতর্কের কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়ে ওই তালা লাগিয়ে দেন।

ইউএনও মির্জা শাকিলা দিল হাসিল জানান, প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান শিক্ষক নিয়ে রাজশাহী শিক্ষা বোর্ড ও আদালতের ভিন্ন মত দেখা যাচ্ছে। শিক্ষা বোর্ডের মনোনীত প্রধান শিক্ষক রবিউল ইসলাম। কিন্তু আদালত আবার বলছেন, তাঁর নিয়োগ আইনানুগ হয়নি। এ নিয়ে আবার হাইকোর্টে রিট করা হয়েছে। এ অবস্থায় তিনি অভিযোগ পান রবিউল প্রধান শিক্ষকের কার্যালয়ে তাঁর ব্যক্তিগত তালা লাগিয়ে দিয়েছেন। এটা শুনে তিনি সহকারী কমিশনার তোফায়েল আহাম্মেদকে পাঠান। তাঁকে তিনি বাজার থেকে একটি নতুন তালা কিনে লাগিয়ে দিয়ে আসতে বলেন। সহকারী কমিশনার তাঁর কথামতো তালা লাগিয়ে চাবিটি বিদ্যালয়ের দপ্তরির হাতে দিয়ে আসেন। এ বিষয়ে তিনি সহকারী কমিশনারকে পূর্বাপর তদন্তের নির্দেশ দিয়েছেন। দ্রুত তাঁরা এই তদন্ত শেষ করে বোর্ডের কাছে প্রতিবেদন দাখিল করবেন।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মহিবুর রহমান ও ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল শিক্ষকদের নিয়ে বসে আছেন। এ সময় মহিবুর জানান, তিনি অবসরে যাওয়ার সময় সহকারী শিক্ষক আবদুল মজিদকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়ে যান। কিন্তু অবৈধ কমিটির সভাপতি তপন কুমার সরকার অন্য একটি বিদ্যালয়ের শিক্ষক রবিউলকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। রবিউল গত ২৯ ডিসেম্বর বিদ্যালয়ে এলে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইউএনও উপজেলা সহকারী কমিশনারকে পাঠিয়ে তালা লাগিয়ে দেন।

তাঁদের সঙ্গে কথা বলতে বলতেই রবিউলের পক্ষের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নবাব আলী এসে জানান, শুধু এক পক্ষের কথা শুনলে হবে না। তাঁদের কথা শুনতে হবে। পরে উত্তেজনার আশঙ্কায় তাঁকে নিয়ে বাইরে বসতে হয়। সেখানে রবিউলও আসেন। তাঁরা জানান, এক বছর আগে মজিদ সহকারী শিক্ষকের পদ থেকে পদত্যাগ করে প্রধান শিক্ষক হওয়ার জন্য আবেদন করেছিলেন। কমিটির ভেতর থেকে অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই নিয়োগ হয়নি। দুর্নীতির দায়ে মহিবুর ও আবু হেনাকে বাদ দিয়ে বোর্ড থেকে তপন কুমার সরকারকে সভাপতি করা হয়। তাঁর কমিটি রবিউলকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। তাঁরা আরও জানান, মহিবুর ও আবু হেনা আদালতে রিট করেছিলেন। তাও খারিজ হয়ে গেছে। তবে মহিবুর জানান, আদালত তাঁদের পক্ষে রায় দিয়েছেন। এর পরও রবিউলকে অবৈধ কমিটির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে। এ কারণে তাঁরা আবার আদালত অবমাননার মামলা করেছেন।

মির্জা শাকিলা দিল হাসিল সহকারী কমিশনারকে (ভূমি) পাঠিয়ে তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করেছেন।