প্রধান শিক্ষকের জন্মদিন বলে কথা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিকে ক্লাস চলছে, অন্য দিকে বিদ্যালয়ের মাঠে বিশাল পাতিলে রান্নাবান্নায় ব্যস্ত বাবুর্চি। ফুলের তোড়া হাতে অতিথিরা আসছেন। যেসব শিক্ষার্থীর ক্লাস নেই, তারা মাঠে দাঁড়িয়ে আয়োজন দেখছে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কের আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।আজ বিদ্যালয়ের বনভোজন কি না, জানতে চাইলে এক শিক্ষার্থী বলে, ‘না, আজকে স্কুলে হেড স্যারের জন্মদিন পালিত হবে। তাই রান্নাবান্না চলছে।’দেখা যায়, স্কুল চলাকালেই প্রধান শিক্ষক ও বেসরকারি শিক্ষক সমিতি চট্টগ্রামের সভাপতি সুনীল চক্রবর্তীর জন্মদিন পালনের ব্যাপক প্রস্তুতি চলছে। অতিথিদের স্বাগত জানাচ্ছেন স্কুলশিক্ষকেরা।খোঁজ নিয়ে জানা যায়, প্রধান শিক্ষকের ৬৫তম জন্মদিন উপলক্ষে একটি ছাপানো দাওয়াতপত্রের মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তি, ওয়ার্ড কাউন্সিলর, বিভিন্ন স্কুলের পরিচালনা কমিটির সদস্য, প্রধান শিক্ষক ও শিক্ষকদের আমন্ত্রণ জানানো হয়। শিক্ষক মিলনায়তনে বেলা দেড়টায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক সালমা আখতার ও জ্যেষ্ঠ শিক্ষক সাবেরা সুলতানার স্বাক্ষর করা দাওয়াতপত্রে শিক্ষক পরিষদের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়।এ বিষয়ে জানতে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সাবেরা সুলতানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া যায়।অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ওয়ার্ড কাউন্সিলর ও সিটি করপোরেশন শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রেহানা বেগম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরাই সম্ভবত জন্মদিন আয়োজনের খরচ দিয়েছেন।’বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বদিউল আলম বলেন, ‘শিক্ষক পরিষদ এর আয়োজন করেনি। প্রধান শিক্ষক নিজেই এর ব্যয় বহন করেছেন। তিনি শিক্ষকনেতা হিসেবে সমাজের গণ্যমান্য লোকজনকে তাঁর জন্মদিনে দাওয়াত করে খাওয়ান।’ স্কুল চলাকালীন এ ধরনের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘তখন তো স্কুল ছুটি হয়ে গেছে।’জানা যায়, গতকাল দুপুরে স্কুলের তৃতীয় তলায় শিক্ষক মিলনায়তনে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানে প্রথমে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। মধ্যাহ্নভোজের খাবারের তালিকায় ছিল খাসি ও মুরগির মাংস, ডিম, ফিরনি ইত্যাদি।বিদ্যালয় পরিচালনা কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ করে জানান, শিক্ষক মিলনায়তনে একই সঙ্গে প্রায় ৩৫০ জনকে খাওয়ানো হয়।জন্মদিন পালনের বিষয়ে প্রধান শিক্ষক সুনীল চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘আমার স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের অনুরোধে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। এটা একটা পুনর্মিলনী অনুষ্ঠান বলতে পারেন। অনুষ্ঠানের খরচ আমার পরিবারের পক্ষ থেকে আমার স্ত্রী বহন করেছেন।’ স্কুল খোলার দিনে খাবার তৈরি ও জন্মদিনের অনুষ্ঠানের প্রস্তুতি প্রসঙ্গে তিনি শুধু বলেন, ‘স্কুলের বাইরে খাবার তৈরি হয়েছে।’