প্রধান শিক্ষকের দণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারসাজি করে একজনের পরিবর্তে অন্যজনকে এসএসসি পরীক্ষায় বসার সুযোগ দিয়েছিলেন প্রেমানন্দ মধু নামের এক প্রধান শিক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। ভ্রাম্যমাণ আদালতের কাছে তাঁর জারিজুরি ফাঁস হয়ে গেছে। আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। সেই সঙ্গে মঞ্জু রায় নামের ওই ভুয়া পরীক্ষার্থীকে বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রেমানন্দ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পাবলিক উচ্চবিদ্যালয় মাচাত্তারার প্রধান শিক্ষক। গতকাল রোববার উপজেলার সরকারি শেখ লুৎফর রহমান কলেজ কেন্দ্রে পরীক্ষা চলার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম কবির মাহমুদ এই দণ্ডাদেশ দেন। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই প্রধান শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।