পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা বেগমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের অভিযোগ পাওয়া গেছে। তাঁর ক্ষমতার দাপটে অতিষ্ঠ বিদ্যালয়ের ছয়জন সহকারী শিক্ষক ২০ মার্চ উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলতাফ উদ্দিন মৃধা বলেন, পরিচালনা কমিটির সব সদস্য ও অভিভাবক ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অসদাচরণসহ ১৫টি অনিয়মের বিষয় উল্লেখ করে শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক রেহেনা বেগম বলেন, ‘বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও সহকারী শিক্ষকেরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানারা বেগম (৫৩) অভিযোগ করেন, ওই প্রধান শিক্ষক আওয়ামী লীগের প্রভাবশালী নেতার আত্মীয় হওয়ায় ক্ষমতার দাপট দেখান। তিনি নিজের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন, কারও কথা শোনেন না। গত বছরের ১ অক্টোবর প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অসদাচরণের প্রতিবাদ করায় তিনি প্রকাশ্যে তাঁকে বেত্রাঘাত করেন এবং অশ্লীল ভাষায় গালাগাল করেন। এ ঘটনায় তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।সরেজমিনে তদন্তের ঘটনা প্রমাণিত হলেও কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তাই কর্তৃপক্ষের ওপর ক্ষোভ ও অভিমান করে অবসরে যাওয়ার সাত বছর আগেই চলতি বছরের ৪ ফেব্রুয়ারি তিনি চাকরি ছেড়ে দেন।নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, ‘প্রধান শিক্ষক আমাদের সঙ্গেও অশালীন আচরণ করেন। তাঁর অধীনে চাকরি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিকার চেয়ে আমরা ছয় শিক্ষক যৌথভাবে লিখিত অভিযোগ দিয়েছি।’নাজমা আক্তার নামে এক অভিভাবক বলেন, ‘প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব থাকায় বিদ্যালয়ে পাঠদান বিঘ্নিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। আমি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করার দাবি জানাই।’উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছয় সহকারী শিক্ষকের অভিযোগ পেয়েছি। এর আগেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি, যার তদন্ত হয়েছে। শিগগিরই তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’