প্রধান শিক্ষকের দাবিতে শিক্ষা কার্যালয়ে তালা
প্রধান শিক্ষকের দাবিতে বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকেরা গতকাল মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে তালা দিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসের পরিপ্রেক্ষিতে প্রায় আড়াই ঘণ্টা পর তালা খুলে দেওয়া হয়। সকালে দেড় শতাধিক অভিভাবক বরকল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল, উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও প্রতিবাদ সমাবেশ করেন। অভিভাবকেরা বলেন, শিগগিরই প্রধান শিক্ষক দেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রশাসনিক অবহেলার কারণে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে। সাত মাস ধরে উপজেলা শিক্ষা কমিটি, জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে বার বার দাবি জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।সাবেক উপজেলা চেয়ারম্যান করুনা মোহন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন পুলিন চাকমা, আশুতোষ চাকমা, মোহামঞ্চদ ইদ্রিস হোসেন ও সন্ধ্যামুণি চাকমা।এর আগে অভিভাবকেরা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে এসে ঘেরাও করেন এবং বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল আলমের আহ্বানে অভিভাবকেরা বৈঠকে বসেন। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সর্বোচ্চ এক মাসের মধ্যে প্রধান শিক্ষক বদলির ব্যাপারে আশ্বাস দিলে তালা খুলে দেওয়া হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসন মুকুল চাকমা বলেন, গত ফেব্রুয়ারি মাসে প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করার পর অপর একজনে বদলি করা হয়। কিন্তু সেই শিক্ষককে অভিভাবকেরা মেনে নেননি। পরে অপর একজনের নাম প্রস্তাব করা হলেও সারা দেশে প্রাথমিক শিক্ষকদের বদলি বন্ধ হয়ে যাওয়ায় প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়ে যায়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল আলম বলেন, সামনে সমাপনী পরীক্ষা। তাই অভিভাবকেরা একজন ভালো প্রধান শিক্ষক চান। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এক মাসের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।