প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলা জরিমানা দিতে হলো শিক্ষার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল উপজেলার কড়িহাটি হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলার কারণে ৯০ জন জেএসসি পরীক্ষার্থীকে অতিরিক্ত ফি দিয়ে ফরম পূরণ করতে হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বোর্ড কর্তৃক ৫ সেপ্টেম্বর পর্যন্ত যথানিয়মে জেএসসির ফরম পূরণের শেষ তারিখ নির্ধারিত থাকলেও উপজেলার কড়িহাটি হাইস্কুলের প্রধান শিক্ষক নেছার আহমেদ এ সময়ে শিক্ষার্থীদের ফরম পূরণের ব্যবস্থা নেননি। বোর্ড-নির্ধারিত ফরম পূরণ ফি ৭০ টাকা, কেন্দ্র ফি ১৩০ টাকা, মোট ২০০ টাকা ফরম পূরণের জন্য নির্ধারিত হলেও কড়িহাটি উচ্চবিদ্যালয় বিলম্বের অজুহাত দিয়ে ফরম পূরণে ৫০০ টাকা করে ছাত্রছাত্রীদের কাছ থেকে আদায় করেছে। অভিভাবক শহীদ উল্যা ভাসানী ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের ব্যর্থতার কারণে ছাত্রছাত্রীদের অতিরিক্ত ফি ৫০০ টাকা করে দিয়ে ফরম পূরণ করতে হয়েছে। এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক নেছার আহমেদের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। অফিস সহকারী মো. স্বপন ৯০ জন ছাত্রছাত্রীর কাছ থেকে অতিরিক্ত ২৫ টাকা করে নেওয়ার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।