প্রধান শিক্ষকের দ্বিতীয় শ্রেণীর মর্যাদার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদাসহ সাত দফা দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করেন শিক্ষকেরা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: বেলা তিনটার দিকে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেন শিক্ষকেরা। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ওই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের (সিলেট) সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী।
সুনামগঞ্জ: বিকেলে শহরের রাজ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষকেরা মিছিল বের করেন। পরে ট্রাফিক পয়েন্ট এলাকায় সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় সমাবেশ হয়। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, শিক্ষক নাছরিন আক্তার প্রমুখ।
তাহিরপুর (সুনামগঞ্জ): শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে বিকেলে উপজেলা সদরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। উপজেলার ৫৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক ওই কর্মসূচিতে অংশ নেন। এতে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অজয় কুমার দে সভাপতিত্ব করেন।
জগন্নাথপুর (সুনামগঞ্জ): বিকেলে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ হয়েছে। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য দেন শিক্ষক জ্যোতির্ময় বিশ্বাস, আতাহার উদ্দিন প্রমুখ।
নিকলী (কিশোরগঞ্জ): একই দাবিতে উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি গতকালও অব্যাহত ছিল। ছাত্র-ছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে গেলেও শিক্ষকেরা নাম ডাকা ছাড়া কোনো কাজ করছেন না।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। এ ছাড়া দুপুরে উপজেলা পরিষদের সামনে তাঁরা মানববন্ধন করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আলতাব উদ্দিন আকন্দের সভাপতিত্বে সমাবেশ হয়।
লাকসাম (কুমিল্লা): উপজেলা পরিষদ চত্বরে বিকেলে সমাবেশ হয়। এতে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি বিকাশ সিনহার সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ্ আলম মজুমদার, সাবেক সভাপতি আতিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
কমলগঞ্জ (মৌলভীবাজারা): বিকেলে উপজেলা সদরের ময়না চত্বরে সমাবেশ হয়েছে। এতে উপজেলা প্রাথমিক বিদ্যালয়
শিক্ষক সমিতির সভাপতি অসমঞ্জু প্রসাদ রায় চৌধুরীর সভপতিত্ব করেন। সাধারণ সম্পাদক ফয়ছল আল কয়েছ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন শিক্ষক আমিরুল ইসলাম চৌধুরী, আবদুল জলিল প্রমুখ।