প্রধান শিক্ষকের পদ নিয়ে দ্বন্দ্ব, শিক্ষার পরিবেশ নষ্ট
প্রধান শিক্ষকের পদ দখল নিয়ে শিক্ষকদের মধ্যকার দ্বন্দ্ব ও ব্যবস্থাপনা কমিটি না থাকায় সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী এসবি রেলওয়ে কলোনি উচ্চবিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নষ্ট হয়ে গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ এপ্রিল ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হয়। কিন্তু এখন পর্যন্ত ব্যবস্থাপনা কমিটি গঠনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত বছর অবসরে যাওয়ার আগে ২৯ মার্চ ব্যবস্থাপনা কমিটির সভাপতি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহকারী শিক্ষক মোখলেছুর রহমানকে অস্থায়ী প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম গত ২০ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমানকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দিয়ে নিজেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পরিচালনা শুরু করেন। এ ঘটনায় মোখলেছুর রহমান হাইকোর্টে মামলা করেন। আদালত ছয় মাসের স্থিতাবস্থার আদেশ দেন। একই সঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে রাজশাহী শিক্ষা বোর্ড মোখলেছুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের নির্দেশ দেন। কিন্তু আশরাফুল ইসলাম প্রধান শিক্ষকের দায়িত্ব পালন অব্যাহত রেখেছেন।শিক্ষা মন্ত্রণালয় গত ৬ জুন প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, এ বিষয়ে একটি পরিপত্র জারি করে। এতে বলা হয়, কোনো বিদ্যালয়ে প্রধান শিক্ষক অথবা সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। পরিপত্র অনুসারে উল্লিখিত দুজনের পরিবর্তে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক রওশন আরা বেগমের ওপর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব বর্তায়। মোখলেছুর রহমান বলেন, আশরাফুল ইসলাম সন্ত্রাসীদের দিয়ে স্কুল দখল করে রেখেছেন। এখন পর্যন্ত তিনি ব্যবস্থাপনা কমিটি গঠন করার উদ্যোগও নেননি। এ কারণে শিক্ষকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। রওশন আরা বেগম বলেন, ‘আমি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব চেয়ে একাধিকবার পত্র দিয়েছি। কিন্তু আশরাফুল ইসলাম জোর করেই দায়িত্ব ধরে রেখেছেন। এ কারণে শিক্ষকদের মধ্যে কোন্দলের সৃষ্টি হয়েছে। শিক্ষার পরিবেশও ক্রমান্বয়ে নষ্ট হচ্ছে।’মো. আশরাফুল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র জারির আগেই আমি দায়িত্ব নিয়েছি। সুতরাং এই পরিপত্র এখানে কার্যকর হবে না। আর আদালতে মামলা থাকায় এবং বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি না থাকায় আমি দায়িত্ব হস্তান্তর করছি না। আমার বিরুদ্ধে অন্য শিক্ষকেরা যে অভিযোগ এনেছেন, সেগুলো ভিত্তিহীন।’অভিভাবক জহুরুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিদ্যালয়ে লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। ইতিমধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী অন্য বিদ্যালয়ে চলে গেছে। আরও অনেকে চলে যাওয়ার উদ্যোগ নিয়েছে।জেলা শিক্ষা কর্মকর্তা মু. মহব্বত হোসেন সরকার বলেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম কোনোভাবেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে পারেন না। জ্যেষ্ঠতার তালিকায় তাঁর অবস্থান দশম। সে ক্ষেত্রে জ্যেষ্ঠতম সহকারী শিক্ষক রওশন আরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার কথা। তাই আমি আশরাফুল ইসলামকে প্রধান শিক্ষকের দায়িত্ব রওশন আরা বেগমের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেছি। সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা বলেন, দায়িত্ব বুঝিয়ে দেওয়া এবং কমিটি গঠনের জন্য আশরাফুল ইসলামকে দুবার পত্র দেওয়া হয়েছে। কিন্তু তিনি কোনো বিষয়েই পদক্ষেপ নিচ্ছেন না। এখন পর্যন্ত একটি পত্রেরও লিখিত জবাব দেননি। সর্বশেষ দু-একদিনের মধ্যে আরেকটি পত্র দেওয়া হবে। এরপর ব্যবস্থা না নিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।