প্রধান শিক্ষকের বদলি আদেশ বাতিলের দাবি, জেলা প্রশাসককে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী চৌধুরীর বদলির আদেশ বাতিলের দাবিতে অভিভাবকদের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) দৌলতুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে দেওয়া এ ধরনের একটি আবেদন আমরা পেয়েছি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
অভিভাবকদের আবেদনে বলা হয়েছে, গত ৭ জুলাই পূরবী চৌধুরী চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। এরপর থেকে তিনি বিদ্যালয়ের পাঠদান, শৃঙ্খলা বিধানে আন্তরিকার প্রমাণ দিয়ে আসছিলেন। এ অবস্থায় সংশ্লিষ্ট মহল হঠাৎ করে তাঁকে বদলি এবং এ পদে চট্টগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ‘বিতর্কিত’ প্রধান শিক্ষক দেবব্রত দাশকে যোগদানের আদেশ জারি করেন।
অভিভাবকেরা বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে পূরবী চৌধুরীর বদলি আদেশ বাতিলের দাবি জানান। তা না হলে আসন্ন পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের ওপর এর প্রভাব পড়বে এবং বিদ্যালয়ে বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির সৃষ্টি হবে বলে আশঙ্কা প্রকাশ করেন।
অভিভাবকদের পক্ষ থেকে আইনজীবী শিবুতোষ দাশ বলেন, ‘প্রধান শিক্ষক পূরবী চৌধুরী আমাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শিক্ষার উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ হাতে নিয়েছেন। এগুলো বাস্তবায়নে এবং বিদ্যালয়ের সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে তাঁর এ বিদ্যালয়ে থাকা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থে ও বিদ্যালয়ের প্রয়োজনে পূরবী চৌধুরীকে এই বিদ্যালয়ে পুনর্বহাল করা জরুরি হয়ে পড়েছে। এ কারণে আমরা বিদ্যালয়ে তাঁকে চাই।’