প্রধান শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের শর্তে খুলে দেওয়া হলো তালা
জয়পুরহাটের আক্কেলপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা খুলে দিয়েছেন অভিভাবকেরা। বিতর্কিত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ওই বিদ্যালয়ে যোগ দেবেন না—এই শর্তে গতকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটকের তালা খুলে দেন তাঁরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপস্থিত ছিলেন।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক অবসরে গেলে পরিচালনা কমিটি, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা এই শিক্ষাপ্রতিষ্ঠানে দক্ষ একজন প্রধান শিক্ষককে নিয়োগ দেওয়ার জন্য তিন মাস ধরে আন্দোলন করে আসছিলেন। এরই মধ্যে আক্কেলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে এখানে বদলি করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন বলেন, ‘আবুল কালাম আজাদ একজন বিতর্কিত শিক্ষক। তিনি আগে যেখানে ছিলেন সেখানকার শিক্ষাব্যবস্থা তাঁর গাফিলতিতে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এখানে আসুন তা আমরা চাচ্ছি না।’ এর পরও তিনি তদবির করে এখানেই বদলি হয়ে আসেন। তিনি এখানে যোগ দেওয়ার জন্য এলে অভিভাবকেরা বিদ্যালয়ে তালা দিয়ে দেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত শনিবার অভিভাবকেরা বিদ্যালয়টিতে তালা দিলে আবুল কালাম আজাদ তাঁর দলবল দিয়ে তালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় বিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রাতেই সভাপতি দেলোয়ার হোসেন বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগে আবুল কালাম আজাদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেন।
থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এজাহারটি মামলা হিসেবে নেওয়া হবে।
প্রধানশিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘বদলির আদেশ পেয়ে কর্মস্থলে যোগদান করতে গিয়েছিলাম। কিন্তু অভিভাবক নামধারী কিছু লোক বিশৃঙ্খলা সৃষ্টি করায় যোগদান করতে পারিনি।’ বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগ তিনি অস্বীকার করেন।
ইউএনও গোলাম মো. শাহনেওয়াজ বলেন, আবুল কালাম আজাদের বদলির আদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। বিদ্যালয়ের ক্ষয়ক্ষতির জন্য তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।