প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিমের বিরুদ্ধে পরিচালনা কমিটির সভাপতি নিয়োগে অনিয়ম এবং বিদ্যালয়ের তহবিলের দুই লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক ও কর্মচারী এবং পরিচালনা কমিটির সদস্যরা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

 গত সোমবার সকালে বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য আল আলিমুল রাজীর সভাপতিত্বে এসব ঘটনার প্রতিবাদ সমাবেশ হয়। এতে প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম অভিযোগ করেন, প্রধান শিক্ষক ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি সামছুল হককে অবৈধভাবে দাতা সদস্য দেখিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করেছেন। নিয়ম অনুযায়ী দাতা সদস্য হতে হলে বিদ্যালয়ের তহবিলে ২০ হাজার টাকা জমা দিতে হয়। কিন্তু ওই সময় সামছুল হক ওই টাকা জমা না দিয়ে দাতা সদস্য হয়েছেন।

আল আলিমুল রাজী জানান, তিনি দাতা সদস্য হওয়ার জন্য বিদ্যালয়ের তহবিলে ২০ হাজার টাকা জমা দিয়েছিলেন। কিন্তু তাঁকে দাতা সদস্য করা হয়নি। এমনকি আজও ওই টাকা ফেরত দেওয়া হয়নি।

শিক্ষকেরা জানান, প্রধান শিক্ষক পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই বিদ্যালয়ের তহবিল থেকে দুই লাখ টাকা তুলে আত্মসাৎ করেছেন। অভিযোগ তদন্তে গত জুন মাসে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন বিদ্যালয়ে আসেন। সে সময় তিনি এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

প্রধান শিক্ষক আবদুল করিম জানান, দাতা সদস্য হিসেবে যাঁরা টাকা জমা দিয়েছেন, তাঁদের টাকা ব্যাংকে জমা না দিয়ে খরচ করা হয়েছে। সেসবের ভাউচার তাঁর কাছে আছে। সভাপতি পদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য বিদ্যালয়ে নোটিশ টাঙানো হয়েছিল। কিন্তু আলিমুল রাজী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তিনি বিদ্যালয়ের তহবিল থেকে দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।

তবে পরিচালনা কমিটির শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন জানান, সভাপতি পদের মনোনয়নপত্র সংগ্রহের জন্য বিদ্যালয়ে নোটিশ দেওয়ার বিধান থাকলেও  প্রধান শিক্ষক নোটিশ দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নিয়োগে প্রধান শিক্ষকের কিছু অনিয়ম রয়েছে। অভিযোগগুলো জেলা শিক্ষা কর্মকর্তা তদন্ত করছেন। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন জানান, ওই বিদ্যালয়ে কোনো তদন্ত করেছেন কি না তা তাঁর মনে নেই।

ইউএনও মুহা. আহসান হাবিব জানান, তিনি ওই বিদ্যালয়ের বিষয়ে কিছু অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।