দিনাজপুরের পার্বতীপুর উপজেলার জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আশেক উল্ল্যাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন ব্যবস্থাপনা কমিটির সাত সদস্য। এর প্রতিবাদে তাঁরা পদত্যাগও করেছেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক আশেক উল্ল্যাহর বিরুদ্ধে আনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের ১৫ দফা অভিযোগের প্রতিকার না পাওয়ায় ১৩ সেপ্টেম্বর একযোগে পদত্যাগ করেছেন ব্যবস্থাপনা কমিটির ছয় সদস্য।
ব্যবস্থাপনা কমিটির পদত্যাগী অভিভাবক সদস্য ও নিয়োগ কমিটির সদস্য শরিফুল ইসলাম জানান, ৬ সেপ্টেম্বরের সহকারী প্রধান শিক্ষক ও গ্রন্থাগারিক নিয়োগ পরীক্ষায় কমিটির সভাপতি স্থানীয় সাংসদ অনুপস্থিত থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সভাপতির দায়িত্ব পালন করেন। এ সময় প্রধান শিক্ষক ও ইউএনও পক্ষপাতমূলকভাবে স্থানীয় মোমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে সহকারী প্রধান শিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি (বর্তমানে যুবলীগের নেতা) মামুনুর রশিদকে গ্রন্থাগারিক পদে নির্বাচিত করেন। এর প্রতিবাদে ১৩ সেপ্টেম্বর তাঁরা একযোগে পদত্যাগ করেন।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ ১৫ দফা অভিযোগ আনা হয়। অভিযোগপত্র থেকে জানা যায়, ২০০৯ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান শিক্ষক বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোনো হিসাব সংরক্ষণ ও অডিট কমিটির কাছে উপস্থাপন করতে পারেননি। বিদ্যালয়ের দোকান ভাড়া ও জমি থেকে প্রাপ্ত আয়ের হিসাব তিনি কখনো কমিটির কাছে জমা দেননি। এর আগে চারজন শাখা ও একজন শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য নেওয়া ১০ লাখ টাকার হিসাবও দেননি। বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র দলিল সংরক্ষণ না করা, সদস্যদের উপেক্ষা করে কেবল সভাপতির সঙ্গে পরামর্শ করেই কাজ করাসহ নানা অভিযোগ রয়েছে।
প্রধান শিক্ষক আশেক উল্ল্যাহ বলেন, ‘আমি কোনো অনিয়ম করিনি। নিয়োগবিধি মেনেই তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। পদত্যাগপত্রগুলো সভাপতিকে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কারও পদত্যাগ গৃহীত হয়নি।’
ইউএনও রাহেনুল ইসলাম বলেন, ‘মন্ত্রীর অনুমতি নিয়েই আমি নিয়োগ কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়। যাঁদের নেওয়া হয়েছে, তাঁরা অন্যদের চেয়ে কিছুটা হলেও ভালো।’