নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের উপবৃত্তির অর্থ আত্মসাৎ, জেএসসির অতিরিক্ত রেজিস্ট্রেশন ফি আদায়, নিম্নমানের বই পাঠ্য করাসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি শিক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এবং সরকারিসংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একটি অভিযোগ করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৬ জুলাই ভীমপুর উচ্চবিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে উপবৃত্তি বিতরণ করা হয়। প্রধান শিক্ষক শাহ পরান বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাহিয়া আক্তার, মাহমুদুর রহমান, নবম শ্রেণির আমেনা বেগমসহ প্রায় ৪০ ছাত্রীর অনুপস্থিতিতে তাদের উপবৃত্তির টাকা ব্যাংক কর্মকর্তার কাছ থেকে তুলে নিয়ে ওই টাকা ছাত্রীদের না দিয়ে নিজে আত্মসাৎ করেন।
এ ছাড়া চলতি শিক্ষাবর্ষে প্রধান শিক্ষক একটি বিশেষ প্রকাশনীর কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে নিম্নমানের গাইডবই বিভিন্ন শ্রেণির জন্য পাঠ্য করেন। অপরদিকে এ বছর ২৩০ জন জেএসসি পরীক্ষার্থীর কাছ থেকে রেজিস্ট্রেশনের বোর্ড নির্ধারিত ফি ১৫৫ টাকার স্থলে ৩০০ টাকা করে নেওয়া হয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হুদা ওরফে ভিপি শাকিল বলেন, প্রধান শিক্ষক শাহ পরানের বিরুদ্ধে অনিয়মের যেসব অভিযোগ উঠেছে তা তদন্ত করার জন্য ব্যবস্থাপনা কমিটির সদস্য আবদুস সাত্তারকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবরাউল হাসান প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের অভিযোগের একটি অনুলিপি কয়েক দিন আগে তাঁর কার্যালয়ে আসে। এর পরই তিনি বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
প্রধান শিক্ষক শাহ পরান প্রথম আলোকে বলেন, ‘উপবৃত্তির অর্থ আত্মসাৎ, অর্থের বিনিময়ে নিম্নমানের গাইডবই পাঠ্য এবং জেএসসির রেজিস্ট্রেশনে অতিরিক্ত ফি নেওয়ার যেসব অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে, এগুলো সবই উদ্দেশ্যপ্রণোদিত। একটি মহল আমাকে সামাজিকভাবে হেয় করার জন্যই এসব অপপ্রচার চালাচ্ছেন। আমি নিজেও সভাপতিকে বলেছি অভিযোগগুলো তদন্ত করানোর জন্য।’