প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তাড়াইল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল মতিন ফকিরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির পাঁচ সদস্য।অভিযোগে বলা হয়েছে, প্রধান শিক্ষক আবদুল মতিন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অমান্য করে প্রতিষ্ঠানের আয়ের অর্থ ব্যাংক হিসাবে জমা না দিয়ে নিজের হাতে রেখে ইচ্ছামতো খরচ করেন। পরে ভুয়া ভাউচার দিয়ে টাকা আত্মসাৎ করেন। শিক্ষার্থীদের মাসিক বেতন, সেশন ফি, পরীক্ষার ফি নিজেই নির্ধারণ করে অতিরিক্ত টাকা আদায় করেন। প্রধান শিক্ষক সরকারি প্রজ্ঞাপন অমান্য করে বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো চালু রেখে অবৈধভাবে লাভবান হচ্ছেন। সম্প্রতি বিদ্যালয়ে নিরীক্ষা চলার সময় নিরীক্ষক দলকে ঘুষ দেওয়ার কথা বলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে এক লাখেরও বেশি টাকা নিয়ে প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন। এসব অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আবদুল মতিন বলেন, ‘বিদ্যালয়ে নতুন শিক্ষক নিয়োগের সময় ব্যবস্থাপনা কমিটির কয়েকজন সদস্য অবৈধ সুবিধা চান। আমি সম্মত না হওয়ায় তাঁরা ক্ষিপ্ত হয়ে এসব মিথ্যা অভিযোগ এনেছেন।’