প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন নাহারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি অভিভাবকদের পক্ষ থেকে বিভিন্ন অনিয়মের তথ্যপ্রমাণসহ একটি লিখিত অভিযোগ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ থেকে জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন নাহার প্রায় ২৯ বছর ধরে একই কর্মস্থলে থাকার কারণে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। সরকারি নিয়মনীতির কোনো বালাই নেই তাঁর কাছে। নিজস্ব শিক্ষকদের মাধ্যমে অভ্যন্তরীণ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা থাকলেও তিনি তা না করে নিজ ক্ষমতাবলে বাইরে থেকে প্রশ্নপত্র কিনে আনেন। এ ক্ষেত্রে নিকটবর্তী বেসরকারি বিদ্যালয়ের প্রশ্নপত্রের সঙ্গে সরকারি বিদ্যালয়ের প্রশ্নপত্র হুবহু মিলে যাওয়ার প্রমাণ পাওয়া যায়।
একই অনিয়ম পাওয়া গেছে সিলেবাস প্রণয়নের ক্ষেত্রেও। সরকারি নির্দেশনা অনুসারে বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণির সিলেবাস প্রণয়নের কথা। কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তা না করে কুমিল্লার একটি প্রতিষ্ঠান থেকে সিলেবাস কিনে এনে শিক্ষার্থীদের মধ্যে বিক্রি করেছেন।
অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে শিক্ষকশূন্যতার সুযোগ কাজে লাগিয়ে প্রধান শিক্ষক নিজ ক্ষমতাবলে চারজন অতিথি শিক্ষক নিয়োগ দিয়েছেন। এসব শিক্ষকের মাসিক সম্মানীর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে এককালীন ৩৮০ টাকা করে আদায় করেন। দশম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী অতিরিক্ত টাকা দিতে রাজি না হওয়ায় তাদের শ্রেিণকক্ষ থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে বিদ্যালয়টিতে।
অপরদিকে, নিয়ম অনুযায়ী শিক্ষকদের যিনি যে বিষয়ে নিয়োগপ্রাপ্ত, তিনি ওই বিষয়ে পাঠদান করার কথা। কিন্তু এই বিদ্যালয়ে হয়েছে তার উল্টো। সপ্তম শ্রেণির গণিত ক্লাস সংশ্লিষ্ট বিষয়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষককে না দিয়ে দেওয়া হয়েছে একজন অফিস সহকারীকে। এসব অনিয়মের কারণে কয়েক বছর ধরে জেএসসি ও এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ফলাফল নিম্নমুখী বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুন নাহার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শিক্ষকদের দিয়ে প্রশ্নপত্র তৈরি না করার অভিযোগ ঠিক নয়। এ ছাড়া সিলেবাস তৈরি করে জমা দেওয়ার জন্য বারবার বলার পরও কোনো শিক্ষক জমা দেননি। তাই বাইরে থেকে সিলেবাস কিনে আনা হয়েছে। ক্লাস রুটিনে শিক্ষকদের ক্লাস বণ্টনের ক্ষেত্রে সরকারি নিয়মের ব্যত্যয় ঘটেনি বলেও দাবি করেন সামছুন নাহার।
তিনি পাল্টা অভিযোগ করেন, ইমরান হোসেন নামের একজন শিক্ষকের অব্যাহত অসহযোগিতার কারণে বিদ্যালয়ের শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। এ ছাড়া অতিথি শিক্ষকের টাকা না দেওয়া, কোনো ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার কিংবা শ্রেণিকক্ষ থেকে কাউকে বের করে দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।