চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি এসব অনিয়ম তদন্তে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক মর্তুজা এনামুল ইকবাল। তিনি বলেছেন, ‘স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে।’
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, নিয়মমাফিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আলম নাহার ২০১৩ সালের ১৮ মার্চ স্ববেতনে মাতৃত্বকালীন ছুটির জন্য আবেদন করেন। আবেদনের তিন মাস পর তাঁকে কারণ দর্শানো নোটিশ দিয়ে ছুটি বাতিল করা হয়। একই সময় বিধিবহির্ভূতভাবে তাঁর দুই মাসের বেতন-ভাতাও কর্তন করা হয়। এ নিয়ে ওই শিক্ষক আবেদন করেও কোনো প্রতিকার পাননি বলে প্রথম আলোকে জানান।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি বিদ্যালয় পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে পরিষদ গঠনের তফসিল ঘোষণা করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান পরিষদের সভাপতি এস এম হারুন এবং প্রধান শিক্ষকের যোগসাজশ থাকায় পরিষদ পুনর্বহাল রাখতে নানা টালবাহানা শুরু করেন তিনি। যোগাযোগ করা হলে এস এম হারুন বলেন, অনিয়ম কেন, বিদ্যালয়ের নিয়ম মোতাবেক সবকিছু হচ্ছে।
অপরদিকে, প্রধান শিক্ষকের অনুগত সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর মোহামঞ্চদ আল কাদেরীর মেয়েকে কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে অন্তর্ভুক্ত করতে রিংকু শ্রীধরের স্বাক্ষর জাল করে আমাতুল কাদেরকে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের চেষ্টা চালাচ্ছেন। যোগাযোগ করা হলে আমাতুল কাদের মুঠোফোনে কথা বলতে রাজি হননি।
এ ছাড়া বিদ্যালয়ে কোচিং-বাণিজ্য, টাকা আত্মসাৎ, বেতন ফি বৃদ্ধি, ভোটার তালিকায় অনিয়ম, বিনা টেন্ডারে ভবন নির্মাণসহ প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরা হয় অভিযোগপত্রে।
চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনেয়ারা বেগম বলেন, এসব অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুলচন্দ্র নাথ বলেন, ‘অভিযোগের কাগজপত্র আজ (বুধবার) হাতে পেয়েছি। তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেব।’ প্রধান শিক্ষক মর্তুজা এনামুল ইকবাল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে ব্যাহত ও নির্বাচন বানচাল করতে একটি মহল এসব করছে।