প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়, এক শিক্ষার্থীকে পেটানো, নিজে দুই স্কুল থেকে বেতন তোলার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীকে পেটানোর কথা স্বীকার করলেও প্রধান শিক্ষক দুই স্কুল থেকে বেতন তোলার কথা অস্বীকার করেছেন। অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলে, গত ১ থেকে ৮ জুলাই নিবন্ধন ফি বাবদ প্রথম সাময়িক পরীক্ষায় পাস করা প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৮০০ টাকা এবং অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে এক হাজার ১০০ টাকা করে আদায় করা হয়। এ বছর আর কোনো টাকা দিতে হবে না বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাসের মো. আবদুল্লাহ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আশ্বাস দেন। গত ২৫ জুলাইয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে আবার বেতন ও পরীক্ষার ফি চাইলে ছাত্রছাত্রীরা এর প্রতিবাদ করে। ১৬ এপ্রিল সপ্তম শ্রেণীর ছাত্রী মাহমুদাকে ডাস্টার দিয়ে কপালে ও মাথায় পিটিয়ে আহত করেন। এ সময় মনি নামে অপর এক ছাত্রী এ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়ে। প্রধান শিক্ষক বলেন, ‘ওই ছাত্রী ক্লাসে অমনোযোগী থাকায় রাগের মাথায় এমন করেছি।’ অভিযোগ সূত্রে জানা যায়, আবু নাসের মো. আবদুল্লাহ ২০০৫ সালের ১ অক্টোবর পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। কিন্তু এমপিওভুক্তি বিলম্ব হওয়ায় ২০০৬ সালের ১ নভেম্বর নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। পরের বছরের মে মাসে এমপিওতে দুই স্কুলে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়, তিনি দুই শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পাঁচ মাসের বেতন তোলেন। পাঁচগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সাবেক সভাপতি সাবিনা ইয়াসমীন বলেন, ‘প্রধান শিক্ষক ২০০৭ সালে বিদেশে যাওয়ার কথা বলে পদত্যাগপত্র দিয়ে চলে যান। পরে তাঁকে দুই বছরের ছুটি দেখিয়ে অবৈধভাবে চাকরিতে পুনর্বহাল করা হয়।’ প্রধান শিক্ষক আবু নাসের মো. আবদুল্লাহ বলেন, ‘একসঙ্গে দুই বিদ্যালয় থেকে বেতন উত্তোলনের বিষয়টি মিথ্যা।’ তিনি দাবি করেন, তাঁর পদত্যাগপত্র বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দিলেও তাঁকে ছাড়পত্র দেওয়া হয়নি। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় সম্পর্কে প্রধান শিক্ষক বলেন, ‘বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই টাকা আদায় করা হয়েছে।’ কার্যনির্বাহী কমিটির সদস্য আবদুল মালেক ও ইয়ার আহমেদ তালুকদার জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের ঘটনা সত্য। এ ব্যাপারে আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি তিনি।