সুনামগঞ্জ পৌর শহরের সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমানের বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। মামলায় বিদ্যালয়ের অফিস সহকারী এ কে এম শামসুল আলমকেও আসামি করা হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইয়াকুব বখ্ত ১২ মে সুনামগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালে ওই মামলা করেন। আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মামলাটি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষক নাসিমা পদাধিকারবলে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসচিব। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য খাতে আদায় করা টাকা শ্রেণিশিক্ষকদের মাধ্যমে অফিস সহকারীর কাছে জমা হয়। অফিস সহকারী সেই টাকা দেন প্রধান শিক্ষকের কাছে। প্রধান শিক্ষকের সেই টাকা ব্যাংকে বিদ্যালয়ের নিজস্ব হিসাব নম্বরে জমা দেওয়ার কথা। কিন্তু প্রধান শিক্ষক ও অফিস সহকারী ২০১৪ সালের ৩১ মে থেকে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আদায় করা ৩৭ লাখ ৪১ হাজার ২৯ টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। তিনি (ইয়াকুব বখ্ত) আদায় করা টাকা কেন ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়নি সেটি জানতে প্রধান শিক্ষককে নোটিশও দেন। প্রধান শিক্ষক এর কোনো জবাব দেননি। এরপর কমিটির কয়েকজনকে সঙ্গে নিয়ে ব্যাংকে টাকা জমা দেওয়ার বিষয়ে প্রধান শিক্ষককে তাগিদ দেন। কিন্তু তিনি টাকা জমা দিতে অস্বীকার করেন।
এ ছাড়া প্রধান শিক্ষক নাসিমার বিরুদ্ধে দায়ের করা মামলায় শিক্ষার্থীদের কাছ থেকে গার্লস গাইডের ফি বাবদ আদায় করা আরও ২৮ হাজার ৮৪০ টাকা আত্মসাতেরও অভিযোগ করা হয়েছে।
মামলায় অভিযোগের সঙ্গে বাদী বিদ্যালয়ের অর্থ আদায় রেজিস্ট্রারের অনুলিপি, বিদ্যালয়ের ব্যাংক হিসাব নম্বরের হিসাব বিবরণী ও প্রধান শিক্ষককে দেওয়া কারণ দর্শানোর নোটিশের অনুলিপি আদালতে জমা দিয়েছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আফিজ মিয়া বলেন, ‘বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে পাঠিয়েছেন।’
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা গতকাল বুধবার বেলা দুইটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এ ব্যাপারে এখনো কোনো চিঠিপত্র বা কাগজপত্র পাইনি। তাই কোনো কিছু বলতে পারব না।’