প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করার প্রতিবাদে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ করার প্রতিবাদে এবং অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সভা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যালয় এলাকায় এ কর্মসূচি মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী ব্যানারে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, ব্যবস্থাপনা কমিটির সদস্য, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন মোহাজেরাবাদ গ্রামের পঞ্চায়েতপ্রধান হাবিবুর রহমান। বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সুহেল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য দেন প্রাক্তন ছাত্র বিল্লাল হোসেন, বর্তমান শিক্ষার্থী আব্দুল কাইয়ুম, আয়ুব আলী, মীম আক্তার ও সুমাইয়া বেগম এবং অভিভাবক দেলোয়ার হোসেন, আবদুল বারী, শরাফত আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সার্টিফিকেট-সংক্রান্ত জটিলতায় মোহাজেরাবাদ উচ্চবিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক মো. সরওয়ার হোসেন সম্প্রতি চাকরিচ্যুত হন। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর বাবা আবদুল হান্নান প্রধান শিক্ষক তাঁর ছেলের চাকরির জন্য ঘুষ নিয়েছেন বলে মৌলভীবাজারের জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছেন। এতে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।

মো. সরওয়ার হোসেনের বাবা আবদুল হান্নান অভিযোগ করেন, ২০১৩ সালের ২৫ মার্চ তাঁর ছেলের নিয়োগ হয়েছে। নিয়োগের আগে দুই লাখ এবং পরে এমপিওভুক্তির জন্য দুই দফায় ৭০ হাজার ও ৮০ হাজার টাকা প্রধান শিক্ষককে দিয়েছেন তিনি। ২০১০ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে তাঁর ছেলে স্নাতক পাস করেছেন। কিন্তু হাইকোর্ট ওই বিশ্ববিদ্যালয়কে ২০০৬ সাল থেকে অবৈধ ঘোষণা করেন। এ কারণে গত ১৭ মে তাঁর ছেলেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবদুল হান্নান বলেন, ‘আমার ছেলেকে অব্যাহতি দেওয়ায় আমি টাকা ফেরত চেয়েছি। তিনি (প্রধান শিক্ষক) বলেছেন টাকা খরচ হয়ে গেছে। এরপর ডিসি, শিক্ষা অফিসারসহ বিভিন্ন স্থানে আমি অভিযোগ করেছি। এ রকম টাকা দেওয়া অবৈধ আমি জানি। কিন্তু টাকা না দিলে কোনো কিছু হয় না, এটাও জানি।’

এ বিষয়ে প্রধান শিক্ষক কামরুল হাছান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ঘুষ নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট। নিয়োগ কমিটি তাঁকে নিয়োগ দিয়েছে। এখানে আমার এককভাবে কিছু করার নেই। তাঁকে এমপিওভুক্তির জন্য দুবার কাগজপত্র পাঠিয়েছি। কিন্তু দারুল ইহসানের সার্টিফিকেট থাকায় শিক্ষা অধিদপ্তর তা প্রত্যাখ্যান করেছে। তাঁকে অব্যাহতিও দিয়েছে ম্যানেজিং কমিটি।’

এ বিষয়ে মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আবদুল ওয়াদুদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘সরওয়ারের বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি তদন্তে গিয়েছিলাম। সবার বক্তব্য এনেছি। তা কম্পাইল করে রিপোর্ট দেব। উনি (আবদুল হান্নান) মুখে মুখে টাকা লেনদেনের কথা বলছেন। কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেননি।’