প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরের এমকেবিএইচ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকার বিনিময়ে বই বিতরণ, দেড় লাখ টাকা আত্মসাৎ এবং গাছ বিক্রিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যরা লিখিত অভিযোগ দিয়েছেন।স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলার কাশালিয়া গ্রামের বাসিন্দা মো. মাসুদ মিয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রধান শিক্ষক মো. সামসুদ্দীন সরদার সরকারি নীতিমালা উপেক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা করে নিয়ে বই বিতরণ করেছেন। এ ছাড়া তিনি বিদ্যালয়ের চত্বরের ১৬টি গাছ কোনো অনুমোদন ছাড়াই কেটে বিক্রি করেছেন। ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর কাকলী মণ্ডল, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাহিন মুন্সী ও মো. জসিম মোড়ল জানায়, স্কুল কর্তৃপক্ষ বোর্ডের বই দিয়ে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ১৫০ টাকা করে নিয়েছেন। তবে শিক্ষার্থীদের কোনো রসিদ দেওয়া হয়নি। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জামিলা খানম ও লাকী খানম জানায়, ভর্তি পরীক্ষার ফরম পূরণের জন্য ১০ টাকা ও ভর্তির কথা বলে অতিরিক্ত ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু এসব টাকারও কোনো রসিদ দেয়নি কর্তৃপক্ষ।স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য শফিকুজ্জামান বাবুল অভিযোগ করেন, স্কুলের আয়-ব্যয়ের কোনো স্বচ্ছতা নেই। এলজিএসপি ও থোক বরাদ্দের প্রকল্প কমিটির সভাপতি হয়ে প্রধান শিক্ষক নামমাত্র কাজ করে প্রায় দেড় লাখ টাকা আত্মসাৎ করেছেন। প্রধান শিক্ষক সামসুদ্দিন সরদার দাবি করেন, গাছ কেটে বিদ্যালয়ের আসবাব বানানো হয়েছে। বই বাবদ কোনো টাকা নেওয়া হয়নি। ১৫০ টাকা সেশন চার্জ নেওয়া হয়েছে। প্রধান শিক্ষক আরও দাবি করেন, এলজিএসপি প্রজেক্টের টাকা দিয়ে ১৬টি চেয়ার ও একটি আলমারি বানানো হয়েছে। থোক বরাদ্দের টাকা দিয়ে স্কুলের টিনের ঘরগুলোর সিলিং ঠিক করা হয়েছে। তবে সিলিং তৈরিতে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করে বলেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রভাবশালী মানুষ। তিনি থোক বরাদ্দের টাকা থেকে স্কুলের কিছু সিলিং তৈরি করেছেন মাত্র। ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম মিয়া বলেন, ‘স্কুল আমার চেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছে। আমি আগে কাসালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। তখন কোনো বিভেদ ছিল না। ইউপি নির্বাচনে পরাজিত হওয়ার পর আমি যাতে কমিটিতে না থাকতে পারি, সে জন্য বর্তমান চেয়ারম্যান অশোক বিশ্বাস তাঁর লোকজন দিয়ে এসব মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ দিয়েছে, তা সঠিক নয়।’